তবুও খুশি লিপ্পি
প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর পরশু দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত আরও ছোট দল নিউজিল্যান্ডের সঙ্গেও ড্র। ভাবছেন, ইতালির কোচ মার্সেলো লিপ্পি বুঝি হতাশা আর দুর্ভাবনায় মুখের ভাষাটাই হারিয়ে ফেলেছেন! এমন ভাবার আগে আপনার জানা থাকা উচিত লিপ্পি আলাদা জাতের। পর্বতের সমান যাঁর হূদয়। কঠিন চাপের মুখেও মনটাকে রাখতে পারেন পাথরের মতো শক্ত।টানা ড্রয়ে দেশবাসী, মিডিয়া—চারদিকে ছি ছি, হায় হায় রব। কঠিন এই সময়ে শিষ্যদের ঢাল হয়েই দাঁড়িয়ে আছেন লিপ্পি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি যেন বিচারের কাঠগড়ার আসামি। অভিজ্ঞ লিপ্পি প্রতিটি উত্তরই দিয়েছেন ফুটবলীয় ভঙ্গিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ড্রয়ে মুখ ফুটে হাসার কোনো কারণ নেই। তবুও দলের মাঠের পারফরম্যান্সে নাকি তিনি খুশিই, ‘প্রতিপক্ষেরও অর্ধেক মাঠজুড়ে খেলেছি আমরা। সব দিক থেকেই আক্রমণ করেছি এবং দেখাতে পেরেছি আমাদের গতি।’ সাংবাদিকেরা হয়তো ভেবেছিলেন এবার বুঝি ‘ইতালি বুড়োদের দল’ অভিযোগটা মানবেন কোচ। কিন্তু এই অভিযোগের সামনে লিপ্পি যেন আগের চেয়েও বেশি নির্ভার। বললেন, এই দলটাই নাকি ইতালির সেরা! দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা, ‘এই দলটি আমিই বেছে নিয়েছি এবং তাদের প্রতি আমার বিশ্বাস আছে।’তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র একটু হলেও কষ্ট দিয়েছে লিপ্পিকে, ‘আমাদের সবই দুঃখের নয়। জিততে পারিনি স্রেফ এটাই দুঃখ।’ লিপ্পি এখন তাকিয়ে সামনের দিকে, ‘এখন আমরা দেখব, নিউজিল্যান্ডের বিপক্ষে কী কী ভুল করেছি।’ ক্যানাভারো, ডি রসিরাও লিপ্পিরই শিষ্য। তাই তাঁদের ভাবনাটাও কোচের মতোই। নিউজিল্যান্ড গোলটি পেয়েছে অধিনায়ক ক্যানাভারোর ভুলে। তবে ক্যানাভারো বলেছেন, ‘দল হিসেবে আমরা একতাবদ্ধই আছি। কার জন্য ম্যাচটা ড্র হলো, সেটা খোঁজার কোনো প্রয়োজনই নেই।’ডি রসি তাকিয়ে আছেন স্লোভাকিয়ার ম্যাচের দিকে, ‘দ্বিতীয় রাউন্ডে যেতে আমাদের একটি রাস্তাই আছে, আমরা জয়ের চেষ্টা করব। ড্র নয়, আমরা চাই জিততে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আসছে না।’ ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিনি যেন একটু ব্যতিক্রম, ‘কাজটা সহজ ছিল না মোটেও। আমাদের জেতা উচিত ছিল। দ্বিতীয় রাউন্ডে যেতে স্লোভাকিয়াকে আমাদের হারাতেই হবে।’ গোলটা কারও দুর্বলতার ফসল কি না, প্রশ্নের জবাবে বলেছেন, ‘গোলের জন্য কোনোভাবেই একা একজন দোষী নয়। আমাদের এখন এসব ভুলে ভবিষ্যতের কথা ভাবতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।