তবুও খুশি স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মেক্সিকোর বিপক্ষে শিষ্যদের এভাবেই নির্দেশনা দিয়ে গেছেন‘বিগ ফিল।’ ছবি: রয়টার্স।
কাল মেক্সিকোর বিপক্ষে শিষ্যদের এভাবেই নির্দেশনা দিয়ে গেছেন‘বিগ ফিল।’ ছবি: রয়টার্স।

শুরুটা জয় দিয়েই হয়েছে। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচটা দেখে মন ভরেনি ব্রাজিলের অনেক সমর্থকেরই। ভঙ্গুর রক্ষণ, অগোছালো ফুটবল দেখে দীর্ঘশ্বাসই ফেলেছিলেন অনেক সমর্থক। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আরও বড় ধাক্কা। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল সমর্থকদের যে বিপুল উত্সাহ-উদ্দীপনা ছিল, তাতে ভাটা পড়তে শুরু করেছে। এভাবে খেললে কি হেক্সা জয়ের স্বপ্নপূরণ সম্ভব? সন্দেহ আছে অনেকেরই।

কিন্তু কোচ লুইস ফেলিপে স্কলারি বলছেন ভিন্ন কথা। দ্বিতীয় ম্যাচে জয় না পেলেও শিষ্যদের খেলায় অনেক উন্নতি হয়েছে বলেই মনে করছেন ‘বিগ ফিল’।

ব্রাজিল গতকাল জয়বঞ্চিত হয়েছে মূলত গিলের্মো ওচোয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে। নেইমার-থিয়াগো সিলভাদের বেশ কয়েকটি গোলপ্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন ২৮ বছর বয়সী এই মেক্সিকান গোলরক্ষক। রক্ষণভাগেও গত ম্যাচের চেয়ে বেশ সুগঠিত ছিলেন ডেভিড লুইস-থিয়াগো সিলভা-দানি আলভেজরা। তাই জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্রাজিল কোচ, ‘ক্রোয়েশিয়ার চেয়ে এই ম্যাচে আমার দল ভালো খেলেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে যেমনটা খেলেছিলাম তার চেয়ে এই ম্যাচের পারফরম্যান্স অন্তত ১০ ভাগ বেশি ভালো ছিল। এটা আমার নিজস্ব মতামত, সমালোচকদের না। আমরা আরও উন্নতি করতে পারি। কিন্তু এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে হবে। এই ম্যাচে আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি। আমি সন্তুষ্ট।’

মেক্সিকোর বিপক্ষে অস্কার খুব বেশি জ্বলে উঠতে না পারলেও নেইমার গত ম্যাচের মতোই দ্যুতি ছড়িয়েছেন। বারবার আতঙ্ক ছড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগে। তবে আক্রমণভাগের চেয়েও রক্ষণভাগের পারফরম্যান্স দেখেই বেশি সন্তুষ্ট স্কলারি। লুইজ আর অধিনায়ক সিলভা সফলভাবেই আটকে রাখতে পেরেছেন মেক্সিকোর বিপজ্জনক স্ট্রাইকার ওরিবে পেরালতাকে। গত শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে মেক্সিকোর জয়সূচক গোলটি এই পেরালতাই করেছিলেন। দুই বছর আগে অলিম্পিকেও ব্রাজিল ২-১ গোলে হেরেছিল এই পেরালতার কারণে। দুটি গোলই করেছিলেন এই মেক্সিকান স্ট্রাইকার।

২৩ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারবে সেলেসাওরা। এএফপি