২০ বছর আগে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কেঁদেছিলেন। ১৯৯০ ফাইনালে জার্মানির কাছে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর। কাল কেপটাউনে ম্যারাডোনা কাঁদবেন, নাকি সান্ত্বনা দেবেন শিষ্যদের—যেন বুঝেই উঠতে পারছিলেন না! তাঁর স্বপ্ন যে ভাঙল আবারও। অধিনায়কের পর কোচের ভূমিকাতে বিশ্বকাপ জিতবেন বলে এসেছিলেন। কিন্তু জার্মানির তরুণ তুর্কিরা সেই স্বপ্ন গুঁড়িয়ে দিল ৪-০ গোলে। আগের দিনই ব্রাজিলের বিদায়ের পর নিশ্চিত হয়ে গেছে দুঙ্গার বিদায়। ম্যারাডোনার সামনেও একই পরিণতি হয়তো অপেক্ষা করছে। তিনি নিজে অবশ্য সরে যাওয়ার ঘোষণা দেননি। সেই সিদ্ধান্ত আগামী কয়েক দিনের মধ্যে নেবেন জানিয়ে বলেছেন, ‘এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পেরে আমি এখনো নিজেকে গর্বিত মনে করি। আপনাদের মাধ্যমে আমি ওদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ধন্যবাদ দিতে চাই আমার সহকারীদেরও।’কিন্তু এই পরাজয়ের ব্যাখ্যা কী? খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই সেট পিস থেকে প্রথম গোলটি খেয়ে ফেলায় সব হিসাব পাল্টে গেছে বলেই জানালেন তিনি, ‘আমরা ওদের ভালোভাবেই বিশ্লেষণ করে মাঠে নেমেছিলাম। কিন্তু প্রথম ক্রসটা থেকেই গোল হওয়ার পর ম্যাচের পরিস্থিতিটাই পাল্টে গেল। শুরুতেই এগিয়ে যাওয়ায় ওদের কাজটা সহজ হয়েছে। সেটার পুরো সদ্ব্যবহার ওরা করেছে।’টমাস মুলারের নাম অনেক দিন মনে রাখবেন ম্যারাডোনা। এ বছরের শুরুতে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে এই তরুণ ফরোয়ার্ডকে ‘বলবয়’ বলে খোঁচা দিয়েছিলেন। মুলার ম্যাচের আগে ঘোষণা দিয়েছিলেন, ম্যারাডোনা যেন তাঁকে মনে রাখেন, সেই ব্যবস্থাই করবেন। করলেনও। তিন মিনিট যেতে না যেতেই গোল! হলুদ কার্ডের খরায় পড়ে সেমিফাইনালটা খেলা হবে না। তবে এই বিশ্বকাপে চারটি গোল করেন এবং তিনটি করিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতা দুটো পুরস্কারেই নিজের দাবি জোরালো করলেন বায়ার্ন মিউনিখের এই ২০ বছর বয়সী। কে জানে, বিশ্বকাপটা হয়তো মুলারেরই হতে যাচ্ছে।ম্যাচে তো জার্মানির ধ্বংসযজ্ঞের নেতৃত্বে ছিলেনই, কাল সংবাদ সম্মেলনেও ‘নেতৃত্ব’ দিলেন। একটু আগে মাঠে কথার ফুল ফুটিয়েছেন যিনি বুট পায়ে, সেই তিনিই যেন ভাষা খুঁজে পাচ্ছিলেন না নিজেদের আরেকটি দুর্দান্ত জয়ের প্রতিক্রিয়া জানাতে, ‘আমাদের সবকিছুই হয়েছে দুর্দান্ত। আর্জেন্টিনাকে ৪-০ গোলে ধরাশায়ী করে বাড়ি পাঠিয়ে দিলাম। এরপর আর কী বলার থাকে।’ ৭ জুলাই সেমিফাইনালটি খেলা হবে না বলে একটু আক্ষেপও ঝরল মুলারের কণ্ঠে। সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেষ্টা করবেন কি না, এই প্রশ্নের উত্তরে বললেন, ‘আশা করব আমার সতীর্থরা সেমিফাইনাল পেরিয়ে যাবে। যেন আমি আবারও ফিরতে পারি। এবং সেই চেষ্টাটা করতে পারি।’সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে এখন সতীর্থ ক্লোসার সঙ্গে লড়াই করতে হবে তাঁকে। ক্লোসা শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে। একের পর এক মাইলফলক ছুঁয়ে এগিয়ে যাওয়া ক্লোসার সামনে এখন ব্রাজিলের রোনালদোর ১৫ গোল টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ।কোচ জোয়াকিম লো পড়লেন ‘বিপদে’। কাকে ছেড়ে কার প্রশংসা করবেন! প্রথমে তাই পুরো দলকেই অভিনন্দন জানালেন, ‘যে রকম খেলেছি সেটি অবিশ্বাস্য। আর্জেন্টিনার বিপক্ষে চারটি গোল করাই তো বলে দেয় আমরা কোন মাপের খেলা খেলেছি। মেসিকে একটা ফাউল না করেও পুরো নিষ্ক্রিয় করে রেখেছিলাম, সেটাও তো দুর্দান্ত।’ দুর্দান্ত জয়ে একটাই আক্ষেপ তাঁর—মুলারের হলুদ কার্ড, ‘পরের ম্যাচে ওকে না পাওয়াটা আমাদের জন্য বড় একটা ধাক্কা। ও প্রমাণ করে দিয়েছে ও কতটা ভয়ঙ্কর। কোন অপরাধে ওকে হলুদ কার্ড দেওয়া হলো, বুঝলাম না।’এমন একটা পরাজয়ের পর কান্না চেপে রুটিন সংবাদ সম্মেলনে হাজির হতে হওয়াটা সত্যিই কঠিন। আর্জেন্টিনা দলে শুধু কার্লোস তেভেজেরই হয়তো সেই পাথর-হূদয় আছে। একরোখা চেহারার তেভেজও কাল বড় বিমর্ষ, ‘সত্যিই, হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জানতাম আমাদের কাজ কঠিন হবে। ওরা আমাদের আক্রমণ করতেই দেবে না। শেষ পর্যন্ত আমরা গোল পেলাম না। আর কী বলার আছে।’ এএফপি।