তবুও জামালের পাশে বাফুফে
অনূর্ধ্ব-১৬ ফুটবল মাঠে গড়ানোর শেষ মুহূর্তে এসে টুর্নামেন্টে খেলতে রাজি হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত বছর মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়নরা এবার দলই গড়েনি। অথচ হঠাৎ করেই কাল অনূর্ধ্ব-১৯ ফুটবল একাডেমি গড়ার ঘোষণা করে বসলেন ক্লাবটির সভাপতি মনজুর কাদের। তাদের এই কাজে অবশ্য পাশে পাচ্ছে বাফুফেকে। ফেডারেশনের সিদ্ধান্ত মানছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু জামালকে ঠিকই সমর্থন দিচ্ছে বাফুফে।একাডেমি শুধু নামেই। তবে নিজস্ব কোনো স্থায়ী আবাসিক ব্যবস্থার ঠিক নেই। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ডরমিটরিতে রাখা হবে ফুটবলারদের। ৩০-১০০ জন ফুটবলার নিয়ে চলবে এই একাডেমি। এটির কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। এ জন্য গাম্বিয়া থেকে একজন কোচও আনা হয়েছে। উয়েফা লাইসেন্সধারী কোচ ওমর কে সিসের সঙ্গে আপাতত এক বছরের চুক্তি করেছে ক্লাবটি। তাঁর সহকারী হিসেবে থাকছেন বাড্ডা জাগরণীর কোচ মহিদুর রহমান।সারা দেশের তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করবে বলে কাল সংবাদ সম্মেলনে জানিয়েছে ক্লাবটি। প্রাথমিক ট্রায়ালের পর চূড়ান্তভাবে বাছাই করা ফুটবলারদের নিয়ে অনুশীলন চলবে কমলাপুরে ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে। একাডেমির খেলোয়াড়দের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হবে। এই সময়ের অন্তত দু-তিন বছরের মধ্যে কোনো খেলোয়াড় বাছাই পেরিয়ে মূল ক্লাবে খেলার সুযোগ পেতে পারে। তবে বিনা মূল্যে নয়, অন্তত ৫০ হাজার টাকা তাকে দেওয়া হবে। খেলোয়াড়টিকে অন্য ক্লাবের পছন্দ হলে তাকে কিনে নিয়ে খেলাতে পারবে ওই ক্লাব। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এই একাডেমিকে সব রকম সাহায্য দিতে চান, ‘এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। আশা করি, অন্যরাও এটা অনুসরণ করবে। এই একাডেমি গড়তে যত রকম সহযোগিতার দরকার, সবকিছুই করবে বাফুফে।’ প্রায় ৮০ জন খেলোয়াড় ধারণক্ষম কমলাপুর স্টেডিয়ামের ডরমিটরিতে কক্ষ আছে ১৯টি। কিন্তু বাস্তবতা হলো, বিভিন্ন ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতা চলাকালে জাতীয় ক্রীড়া পরিষদ খেলোয়াড়দের আবাসন হয় এখানে। কিন্তু একাডেমি হলে সেই সুযোগ আর পাবে না অন্য ফেডারেশন। কাজী সালাউদ্দিন বললেন, ‘স্টেডিয়ামে শুধু ফুটবলাররাই থাকতে পারবে। এটি ফুটবলারদের জন্যই।’