তবুও জয়ের আশা
চ্যাম্পিয়ন হওয়ার আশা হাওয়ায় মিলিয়ে গেছে আগেই, গ্রুপের সর্বশেষ স্থানটিই এরই মধ্যে নিশ্চিত। এখন বাংলাদেশ দলের প্রার্থনা, শেষ ম্যাচে তেকাঠির মধ্যে যেন বল কম ঢোকে। অন্তত ছয় গোল যেন হজম করতে না হয়। এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্বের শেষ গ্রুপ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। প্রতিবেশী দেশটির লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা। কিন্তু এ জন্য বাংলাদেশের বিপক্ষে তো জিততেই হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে আজকের ইরান-জর্ডানের ম্যাচের দিকেও। ইরান জিতলে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাবে দ্বিতীয় রাউন্ডে, কিন্তু হারলে ভারত আর ইরানের পয়েন্ট হয়ে যাবে সমান। সে ক্ষেত্রে গোল-গড়ে এগিয়ে থাকা দলই যাবে পরের রাউন্ডে। এই সুযোগটা নিতে ভারত ‘গিনিপিগ’ বানাতে পারে বাংলাদেশকে। কাল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের মাঠে অনুশীলনেও দারুণ সিরিয়াস ছিল ভারতীয় দল। খেলোয়াড়েরা দুই ভাগে ভাগ হয়ে মিনিট ত্রিশেক গা গরমের ম্যাচ খেলল। রেফারির ভূমিকায় থাকা কোচ শুক্লা দত্ত এক ফাঁকে জানালেন, ‘বাংলাদেশকে নিয়ে ভয়ের কিছু নেই।’ শুক্লা বড় জয়ের আশাই করছেন, ‘আমাদের লক্ষ্য থাকবে বেশি গোল পাওয়া। নিজেদের কাজটা করে রাখতে চাই। বাকিটুকু নির্ভর করছে অন্যদের ওপর।’গত দুই ম্যাচে দেখা গেছে প্রথমার্ধে ভালো খেলে দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে বাংলাদেশ। ‘রোগটা’ নাকি আজ দেখা যাবে না! কোচ মাহমুদ আলম (বাবু) জয়ের আশা করার দুঃসাহসও দেখাচ্ছেন, ‘প্রথমার্ধের খেলাটা যদি পরের অর্ধেও খেলতে পারে মেয়েরা তাহলে ভারতের বিপক্ষে জিতেও যেতে পারি।’ বাংলাদেশ কেন ৩৫-৪০ মিনিটের বেশি ভালো খেলতে পারে না, সেই ব্যাখ্যাটা দিলেন বাবু, ‘মেয়েরা একেবারেই নতুন। ওদের স্ট্যামিনা নেই। অভিজ্ঞতার ঘাটতি আছে।’ওদিকে টানা দুই ম্যাচ জেতা ইরান দলকে কাল শারীরিক শিক্ষা কলেজের মাঠে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। জর্ডানকে নিয়ে মোটেও ভাবছেন না কোচ মাহনাজ, ‘আমার কাছে মনে হয়েছে, জর্ডানের চেয়ে ভারত ভালো দল। তবে ওদের বিপক্ষেও জেতার আশা রাখি।’