তবুও তৃপ্ত পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদক ছাড়াই শেষ হলো অস্কার পিস্টোরিয়াসের অলিম্পিক মিশন। দক্ষিণ আফ্রিকান ‘ব্লেড রানার’ পুরুষদের ৪০০ মিটারে বাদ পড়েছিলেন সেমিফাইনালে। পরশু অনেক নাটকের পর দৌড়াতে পারলেন ৪–৪০০ মিটার রিলেতে। ফাইনালে দৌড়ানোটাই অস্কার পিস্টোরিয়াসের কাছে রোমাঞ্চ হয়ে থাকল। তিন সতীর্থের হাত ঘুরে পাওয়া ব্যাটনটি নিয়ে যখন রিলের চতুর্থ লেগটি শুরু করেন পা-হীন অ্যাথলেট, তার আগেই উবে গেছে দক্ষিণ আফ্রিকার পদকের স্বপ্ন!গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা জেতা দক্ষিণ আফ্রিকা দৌড় শেষ করেছে অষ্টম হয়ে। অবশ্য ফাইনালে দৌড়াতে পারাটাই পিস্টোরিয়াস ও তাঁর দলের জন্য সৌভাগ্যের ব্যাপার। লেন বদলে কেনিয়ার ভিনসেন্ট কিলু পিস্টোরিয়াসের সতীর্থ অফেনতসে মোগাওয়ানের লেনে এসে পড়েন। দৌড় বাদ দিয়ে মোগাওয়ানেকে নিতে হয় শুশ্রূষা। ফাইনালে উঠতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। পরে আপিল করে দক্ষিণ আফ্রিকা পায় ফাইনালের সুযোগ। ডিসকোয়ালিফায়েড হয় কেনিয়া। তবে তার আগে ঘটে আরেক কাণ্ড। পিস্টোরিয়াস নিজেদের সুযোগ শেষ মনে করেছিলেন, দৌড় শেষ মনে করে দক্ষিণ আফ্রিকার দলনেতা এলজে ভ্যান জিল তো ফিরতি বিমানেই চেপে বসছিলেন প্রায়! খবর পেয়ে পরে ফিরে আসেন।পিস্টোরিয়াস এবং তাঁর দল চমক দেখাতে না বিশ্বকে চমকে দিয়েছে বাহামা। ইভেন্টে যুক্তরাষ্ট্রের ২৮ বছরের রাজত্বে হানা দিয়ে সোনা জিতে নিয়েছে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রটি। ২ মিনিট ৫৬.৭২ সেকেন্ড সময় নিয়ে বাহামাকে সোনা উপহার দিয়েছেন ক্রিস ব্রাউন, দেমেত্রিউস পিন্ডার, মাইকেল ম্যাথ্যু ও রোমান মিলার। শেষ লেগের শেষ ৫০ মিটারে যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলো টেলরকে দুর্দান্ত লড়াইয়ে হারিয়ে মিলারই নিশ্চিত করেছেন সোনা। আগের ছয়টি অলিম্পিকেই এই ইভেন্টে সোনা জেতা যুক্তরাষ্ট্রকে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ব্রোঞ্জ জিতেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।পদক যারাই জিতুক বড় জয়টা পিস্টোরিয়াসেরই। ইতিহাসের প্রথম দুই পা-হীন অ্যাথলেটের সক্ষমদের অলিম্পিকে দৌড়ানোটাই ছিল বড় ব্যাপার। ২৫ বছর বয়সী অ্যাথলেট তাই রোমাঞ্চিত, ‘পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য বিস্ময়কর। আমার যত আশাই থাক, তার চেয়ে অলিম্পিকের ফাইনালে ওঠাটাই বড় ব্যাপার। এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’ ফাইনালে দৌড়ানোর মুহূর্তটি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা এবং এটা আমাকে আগামী চার বছর অনুপ্রেরণা জোগাবে।’ তবে আপাত দৃষ্টি তাঁর আসন্ন প্যারালিম্পিকের দিকে। এএফপি, রয়টার্স।