তবুও তো হলো প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ একাদশ ১৩৭ রানে জিতলেও স্কোর কার্ডে প্রথমে লেখা হলো ‘ম্যাচ ড্র’! ভুলটা পরে সংশোধন করা হয়েছে, তবে ওই ভুলের জন্য স্কোরারকে কাঠগড়ায় তোলা হবে বাড়াবাড়ি। মিরপুরের একাডেমি মাঠে লাল-সবুজ একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ মূলত ব্যাটিং-বোলিংয়ের প্র্যাকটিসই ছিল। এই ম্যাচ ৯০ ওভারের হলো না, ইনিংসের সেটা এখানে কতই বা গুরুত্বপূর্ণ? জয়-পরাজয় তো আরও গুরুত্বহীন।কোথাও বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত, কোথাও লাগানো হয়েছে নতুন ঘাস। হাতে থাকা একাডেমি মাঠেই তাই খেলানো হলো প্রস্তুতি ম্যাচ। মাঠ ছোট, সোজা মারলে চার-ছক্কা নেই। মারতে চাইলে উইকেটের দুই পাশে মারো। সেই দুই পাশের সীমানাও আবার আদর্শ মাপের চেয়ে কম। মোহাম্মদ আশরাফুল অবশ্য বলেছেন, আঁটসাঁট ক্রিকেটেও খুব একটা সমস্যা হয়নি তাদের, ‘এটা মূলত টেস্টের প্রস্তুতি। আর টেস্টে তো আমরা এমনিতেও ছক্কার চিন্তা করি না। স্কিল ট্রেনিং শুরুর সময় ইমরান স্যারও (সারোয়ার ইমরান) বলে দিয়েছিলেন, তুলে না মেরে যতটা সম্ভব নিচ দিয়ে জোরে মারতে।’ তার পরও মারার বলে না মেরে থাকেন কী করে ব্যাটসম্যান! অনেকের সে রকম দু-একটা শট বাতিল হলো। লং অন-লং অফের ওপর দিয়ে উড়ে যাওয়া শট মাঝেমধ্যে ছড়াল বিভ্রান্তিও।আগের দিন সবুজ একাদশের জুনায়েদ-মুশফিকুর-মাহমুদউল্লাহর পর কাল ছোট মাঠের সুযোগ নিলেন লাল দলের নাসির হোসেন। ৪৯ রানে ৪ উইকেট পড়ে গেলেও ১২৪ বলে তাঁর অপরাজিত ১০১ রানের সৌজন্যেই ৩৬১ রান তাড়া করতে গিয়ে আশরাফুলের দল ৫৯ ওভারে করল ২২৪ রান। ১৮ চার আর ১ ছক্কার ইনিংসটা দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে নাসিরকে। তবে জিম্বাবুয়ে সিরিজেই জাতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন না, ‘সুযোগ পেলে ভালো। না পেলেও সমস্যা নেই। আমার তো সময় পড়ে আছে।’ ৪০ রানে ৪ উইকেট নিয়ে সবুজ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইলিয়াস সানি।ম্যাচ শেষে অবশ্য প্রধান নির্বাচক আকরাম খান মনে করিয়ে দিলেন, এটা নিছকই প্রস্তুতির জন্য খেলা ম্যাচ, ‘আমরা কিন্তু তিন-চার দিন আগেই মোটামুটি একটা দল করে ফেলেছি। কাজেই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দল নির্বাচনে প্রভাব ফেলবে না।’ তবে যে উদ্দেশ্যে এই ম্যাচ, সেটাকে সফলই বলছেন তিনি, ‘দুই ইনিংসেই ব্যাটিং খুব ভালো হয়েছে। যে রকম ক্রিকেট খেলা দরকার ছিল ছেলেরা সে রকমই খেলেছে।’জয়-পরাজয় মুখ্য নয় বলে সার্বিক প্রাপ্তিতে খুশি পরাজিত অধিনায়ক আশরাফুলও, ‘আমাদের দলের ব্যাটিং ভালো না হলেও সব মিলিয়ে ম্যাচটা খারাপ হয়নি।’ তবে প্রতিপক্ষকে গরমে যথেষ্ট পুড়িয়ে মারতে না পারায় হতাশা আছে। প্রথম দিন পুরো ৯০ ওভার ব্যাটিং করেছে সবুজ দলের ব্যাটসম্যানরা, আর রোদে পুড়ে লাল হয়েছে লাল দলের ফিল্ডাররা। কাল ৫৯ ওভারে অলআউট হয়ে যাওয়ার পর লাল দলের অধিনায়কের আক্ষেপ, ‘ওদের খাটাতে পারলাম না...।’কে কী ভুল করছেন, কার কোনটা ভালো হচ্ছে—ম্যাচের দুই দিনই মাঠের বাইরে বসে সেসব খাতায় টুকেছেন সহকারী কোচ সারোয়ার ইমরান। ম্যাচ শেষে সারমর্মটা জানালেন, ‘প্রত্যাশা মোটামুটি পূরণ হয়েছে। এই ম্যাচ থেকে ছেলেরা কিছুটা হলেও আত্মবিশ্বাস পাবে।’ চিন্তাভাবনা ছিল আরও একটা দুই দিনের ম্যাচ হবে একাডেমি মাঠে। এরপর ১৬-১৯ জুলাই শেরেবাংলা স্টেডিয়ামে চার দিনের ম্যাচ। সেসব পরিকল্পনা এখন বাতিল। তবে ১৬ ও ২০ জুলাই থেকে শেরেবাংলা স্টেডিয়ামে হবে আরও দুটি দুই দিনের ম্যাচ। ‘প্রচণ্ড গরম পড়ছে। হুট করে বৃষ্টিও শুরু হতে পারে। এ অবস্থায় চার দিনের ম্যাচ খেললে ছেলেদের ওপর চাপ কম থাকবে’—জানালেন সহকারী কোচ।একদিক দিয়ে সুবিধাই হলো। ইংল্যান্ড থেকে ১৭ জুলাই দেশে ফিরে সাকিব ও তামিম চাইলে খেলতে পারেন ২০-২১ জুলাইয়ের ম্যাচটি।