তবুও দিয়েছেলর্ডস
টেস্টে বাংলাদেশের পক্ষে দ্রুততম (৯৪ বলে) সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। দুই ইনিংসেই ৫০ পেরিয়েছেন তামিম ও জুনায়েদ সিদ্দিক। এই প্রথম বাংলাদেশের এক টেস্টের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন দু’জন। ১৮ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে তিনবার দুই ইনিংসেই ৫০ পেরিয়েছেন তামিম, বাংলাদেশে এই কীর্তি তাঁর চেয়ে বেশি আছে একমাত্র হাবিবুল বাশারের (৫০ টেস্টে ৭ বার)। এই প্রথম একই ইনিংসে ৫০ পেরোলেন বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান—দ্বিতীয় ইনিংসে তামিম, ইমরুল কায়েস ও জুনায়েদ। দুই ইনিংস মিলিয়ে ৫০ পেরিয়েছেন পাঁচজন, বাংলাদেশের টেস্ট ইতিহাসে মাত্র পঞ্চমবার। ছয়টি ফিফটি আছে একবারই, গত জানুয়ারিতে ঢাকায়, ইংল্যান্ডের বিপক্ষেই। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ রান তুলেছে ৬৬৪, এক টেস্টে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। সর্বোচ্চ ৭০৪ জানুয়ারিতে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে। সর্বোচ্চ পাঁচ স্কোরের তিনটিই এ বছর। মোট ১২২০ বল খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, টেস্ট ইতিহাসে বাংলাদেশের নবম সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে তামিম-ইমরুলের ১৮৫ রানের জুটি ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ, সব উইকেট জুটি মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। সবচেয়ে বড় আট জুটির চারটিতেই আছেন তামিম।