তবুও দ্রগবার গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের মতো কেউ অপমানিত হয়ে বিদায় নিল। ইতালির মতো কেউ বিদায় নিল শোকে ভেসে। আবার আইভরিকোস্টের মতো মাথা উঁচু করেও বিদায় নিল কেউ। না, শুধু আবেগ থেকে নয়; দিদিয়ের দ্রগবা যুক্তি দিয়েই বলছেন, আইভরিকোস্টের মাথা নিচু করার কোনো কারণ নেই।গত বিশ্বকাপে আইভরিকোস্ট প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা-হল্যান্ডের গ্রুপে পড়ে। ‘গ্রুপ অব ডেথ’ এবারও তাদের পিছু ছাড়েনি। এবার সঙ্গী ছিল বিশ্বের এক ও তিন নম্বর দল ব্রাজিল আর পর্তুগাল।এসব দাপুটে দলের কারণেই এক জয় ও এক ড্র নিয়ে বিশ্বকাপ শেষ করে খুব অখুশি হচ্ছেন না অধিনায়ক দ্রগবা, ‘আরেকটু ভালো গ্রুপে পড়লে আমরা হয়তো উঠতে পারতাম। আমার ধারণা দুটো বিশ্বকাপেই আমরা দুর্ভাগা ছিলাম।’আফ্রিকার বিশ্বকাপে স্বাগতিক মহাদেশের সবচেয়ে বড় আশা হতে পারত আইভরিকোস্ট। গ্রুপ-ভাগ্যের ফেরে পড়ে ছিটকে যাওয়ায় দ্রগবারা হতাশ। কিন্তু পর্তুগাল ও ব্রাজিলের মতো দুটি দলের সঙ্গে খেলতে পারার ‘সৌভাগ্য’টাও দ্রগবার কাছে কম নয়, ‘আমরা হতাশ, তবে খুব বেশি হতাশ না। কারণ আমরা পর্তুগাল ও ব্রাজিলের মতো দুটি দলের গ্রুপে ছিলাম, যারা আমাদের চেয়ে অনেক ভালো দল। ব্রাজিল-পর্তুগালের মতো দলের বিপক্ষে খেলা আমাদের মতো দলের জন্য স্বপ্নের ব্যাপার। আমরা সৌভাগ্যবান যে এই দু দলের বিপক্ষে খেলতে পেরেছি।’দ্রগবার এই মুগ্ধতা ঝরে পড়ল সভেন গোরান এরিকসনের কণ্ঠেও। বিশ্বকাপের মাত্র কদিন আগে দলের দায়িত্ব নিয়েছেন। গ্রুপটা দেখেই বুঝেছিলেন, বড় স্বপ্ন দেখার উপায় নেই। তার পরও এই কদিনে দলের যে উন্নতি দেখেছেন, তাতেই খুশি সাবেক ইংল্যান্ড কোচ, ‘প্রতিটা অনুশীলন সেশনে দল উন্নতি করছিল, এমন অবস্থায় বিদায় নেওয়াটা তো কষ্টের ব্যাপার বটেই। কিন্তু এটাই জীবন। আমরা বেরিয়ে গেছি এবং এটা মেনে নিতে হবে। যে তিনটি খেলা খেলেছি, সেদিকে ফিরে তাকালে খেলোয়াড়দের গর্ববোধ করা উচিত এবং দেশেরও উচিত ওদের নিয়ে গর্ব করা।’যতদূর জানা গেছে, বিশ্বকাপ অভিযান শেষ হতেই এরিকসন আবার ইংল্যান্ডে ফিরবেন ফুলহামের দায়িত্ব নিয়ে। আইভরিয়ানদের সামনে আরও গর্ব করার সময় আসছে বলেও আশা শুনিয়ে যাচ্ছেন এরিকসন, ‘আইভরিকোস্টের ভবিষ্যৎ অসাধারণ। পেছন থেকে অনেক প্রতিভাবান তরুণ উঠে আসছে। আগামী আফ্রিকান নেশনস কাপে বা বিশ্বকাপে তাদের অনেককেই দেখা যাবে।’সেই আশায় থাকবে আফ্রিকা। আর সেবার নিশ্চয়ই ‘গ্রুপ অব ডেথ’ তাড়া করবে না দ্রগবাদের! এএফপি, ওয়েবসাইট।