তবুও নিশ্চিন্ত নন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গ্যালাতেসারাইয়ের বিপক্ষে তিন গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি মোটামুটি নিশ্চিতই করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে রিয়ালকে পেছনে ফেলতে হলে চার গোলের ব্যবধানে জেতাটা যে তুর্কি সেনাদের প্রতি বাড়াবাড়ি ধরনের প্রত্যাশা, সেটা মেনে নিচ্ছেন প্রায় সবাই। কিন্তু মনে যা-ই থাক, মুখে সেমিতে যাত্রার ব্যাপারে নিশ্চিন্তভাবটা প্রকাশ করতে একেবারেই নারাজ রিয়াল কোচ হোসে মরিনহো। শেষ চারের টিকিট নিশ্চিত করতে তাই গ্যালাতেসারাইয়ের মাঠে নিজেদের পুরোটা ঢেলে দিতে খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয় লেগের ভেন্যু ইস্তাম্বুলে তিনি বলেছেন, ‘দ্বিতীয় লেগের ম্যাচটি নিয়ে গা-ছাড়াভাব দেখানোর কোনো সুযোগ নেই।’লা লিগার শিরোপাটা হয়তো এবার জেতাই হবে না। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকে সে আশায় জলাঞ্জলি দেওয়াটা প্রায় হয়েই গেছে। সে জন্য চ্যাম্পিয়নস লিগটা নিয়ে খুব সিরিয়াস মাদ্রিদের জায়ান্টরা। সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী চ্যাম্পিয়নস লিগ সাফল্যের কাছাকাছি আসা গেছে, কিন্তু আসল লড়াই এখনো বাকি আছে। তাই মরিনহো চান না, কোনো অসতর্কতা অভীষ্ট লক্ষ্যের ক্ষতিসাধন করুক। এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারলে তিনটি ভিন্ন দেশের, তিনটি ভিন্ন দলের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের সাফল্য অর্জন করতে পারবেন ‘স্পেশাল ওয়ান’। এত কাছাকাছি এসে কোনোভাবেই মোক্ষম সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না মরিনহো। তাই শিষ্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা যদি এখন ৪-০ বা ৫-১ গোলে হেরে যাই, তাহলে পুরো বিশ্ব আমাদের সমালোচনায় মুখর হবে। সেটা আমাদের জন্য খুবই খারাপ হবে। কারণ, রিয়াল মাদ্রিদের কাছ থেকে এরকম ফলাফল কেউ আশা করে না। আমাদের জয়ের জন্য সবাই অপেক্ষা করছে।’তাঁর দল দ্বিতীয় লেগের খেলায় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। তিনি বলেছেন, ‘আমি ৩-০ ফলাফলটা নিয়ে ভাবছি না। দ্বিতীয় লেগের খেলাটাকে আমি নতুন আরেকটি ম্যাচ হিসেবেই গ্রহণ করছি। আর যখন আপনি নতুন কোনো ম্যাচে মাঠে নামবেন, তখন আপনি অবশ্যই জয়ের জন্যই খেলবেন। আমিও আমার খেলোয়াড়দের কাছ থেকে এটাই আশা করি।’ ওয়েবসাইট।