তবুও পারল না ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে না পারলেও ম্যাচ সেরা বাটলার। ছবি: রয়টার্স
দারুণ সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে না পারলেও ম্যাচ সেরা বাটলার। ছবি: রয়টার্স

৩০১ রানের লক্ষ্য। ১০ রানের মধ্যে পড়ে গেল ২ উইকেট। এরপরও ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। গ্যারি ব্যালান্স, জো রুট, রবি বোপারা ও জস বাটলার এমনভাবে ইনিংস এগিয়ে নিতে লাগলেন, শ্রীলঙ্কার দেওয়া ৩০১ রানের লক্ষ্য পেরিয়ে যাওয়া যেন সময়ের ব্যাপার! কিন্তু শেষ অবধি ইংলিশদের জয়ের আশা আর পূরণ হলো না। লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৭ রানে হারল ইংল্যান্ড।
৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে খেই হারিয়ে ফেললেও ব্যালান্স-রুটের তৃতীয় উইকেট জুটিতে তোলা ৮৪ রান আশা জাগাল ইংল্যান্ডকে। তবে ইংলিশদের স্বপ্ন দেখিয়েছে মূলত বোপারা ও বাটলারের ষষ্ঠ উইকেট জুটিতে তোলা ১৩৩ রান। বাটলার রান আউটে কাটা পড়ার আগে খেললেন ৭৪ বলে ১২১ রানের অসাধারণ এক ইনিংস।
শেষ ওভারে দরকার ছিল ১২ রান। লাসিথ মালিঙ্গার করা ওই ওভারে ইংল্যান্ড তুলতে পারল ৪ রান। মালিঙ্গা আবারও প্রমাণ করলেন, ‘ডেথ ওভারে’ তিনিই সেরা! ইংল্যান্ডের ইনিংস থামল ২৯৩ রানে, হারল ৭ রানে। ৩০০-এর বেশি রান তাড়া করে ইংল্যান্ড এ পর্যন্ত জিতেছেই মাত্র দুবার।
এর আগে টসে হেরে প্রথম ব্যাট করে কুমার সাঙ্গাকারার অনবদ্য শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০০ রান তোলে শ্রীলঙ্কা। এ ছাড়া দিলশান করেন ৭১। তবে দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা বাটলার।