
পেপ গার্দিওলার সময়ে কখনো এমনটা হয়নি। এমনকি টিটো ভিলানোভার দায়িত্বে বার্সেলোনা যে ৬০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে, তখনো নয়। শেষবার এমন ঘটনা ঘটেছিল ফ্রাঙ্ক রাইকার্ডের সময়ে। ২০০৮ সালের ৭ মে, সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের চেয়ে বল দখলে পিছিয়ে ছিল বার্সেলোনা।প্রায় পাঁচ বছর পর পরশু রাতে সেই অভাবনীয় ঘটনাটা ঘটল আবার। প্রতিপক্ষ রায়ো ভায়েকানোর চেয়ে বল দখলে পিছিয়ে বার্সেলোনা!রাইকার্ডের অধীনে সেদিন ম্যাচটা বার্সেলোনা হেরেছিল ৪-১ গোল। কাম্পো দে ভায়েকাসে এই রাতে অবশ্য ওই দুর্ভাগ্য বরণ করতে হয়নি জেরার্ডো মার্টিনোর দলকে। বার্সেলোনার জার্সি গায়ে পেদ্রোর প্রথম হ্যাটট্রিক, সঙ্গে ফ্যাব্রিগাসের এক গোল—৫৫ শতাংশ বলের দখল রেখেও নিজের মাঠে রায়ো ভায়েকানো উড়ে গেল ৪-০-তে। ৩৬ মিনিটে একটি পেনাল্টি সেভ করাসহ বার্সেলোনার হয়ে গোলবারের নিচে এদিন আরেকটা দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছেন ভিক্টর ভালদেস। আগের ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। পরশু লিগে নিজের ২৫০তম ম্যাচ খেলতে নেমে ফিফা বর্ষসেরা ফুটবলার অবশ্য গোল পেলেন না। তবে ৩৩ মিনিটে মেসির বানিয়ে দেওয়া বলেই প্রথম গোলটি করেন পেদ্রো। দানি আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস আর অ্যালেক্সিস সানচেজকে ছাড়াই এ দিন একাদশ সাজিয়েছিলেন মার্টিনো। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি পেদ্রো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্যাব্রিগাসের পাসে পরের গোলটি করেন তিনি। মাঝমাঠে দারুণ খেলা ফ্যাব্রিগাস ৭৯ মিনিটে নিজেও গোল করেছেন জাভির পাস থেকে। নেইমারের বানিয়ে দেওয়া পেদ্রোর তৃতীয় গোলটা ৭২ মিনিটে। গোলের সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজেও। তবে ৬৬ মিনিটে তাঁর শট ফিরে এসেছে পোস্টে লেগে।
তবে সহজ জয় পেলেও ম্যাচ শেষে সেটা ছাপিয়ে আলোচনায় বার্সেলোনার খেলার ধরন। তবে কি এত দিনের চেনা বার্সেলোনাকে বদলে দিচ্ছেন মার্টিনো? টিকি-টাকার দিন কি শেষ হয়ে এল? জবাবটা দিলেন ম্যাচের নায়ক পেদ্রোই, ‘আমরা কীভাবে খেলব সেই আদর্শ এখনো ধরে রেখেছি। তবে আরও চাপিয়ে খেলছি এবং হয়তো একটু সরাসরিও। কিন্তু আমার মনে হয় প্রত্যাশিত ফলই পাচ্ছি।’
অন্য দিনের চেয়ে পরশু বার্সেলোনার খেলার ধরনটা একটু আলাদা ছিল সেটা স্বীকার করেছেন কোচ মার্টিনোও। তবে এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘কখনো কখনো নিজের গোলবারের সামনে থেকে খেলা বানিয়ে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে যায় এবং লম্বা পাসের অপেক্ষায় থাকতে হয়। এ রকম ম্যাচে যখন প্রতিপক্ষ গায়ে গায়ে থাকে তখন ছোট পাসে খেলাটা কঠিন হয়ে যায়।’ এএফপি।