তবুও বিশ্বকাপের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআরআই রিপোর্ট অলৌকিক কিছু দেখাল না। চিকিৎসদের প্রাথমিক ধারণাটাকেই নিশ্চিত করে দিল মাত্র—মাশরাফি বিন মুর্তজার ডান হাঁটুর লিগামেন্ট ৭০ শতাংশ ছিঁড়ে গেছে। তবে এ ধরনের ইনজুরি যেহেতু অস্ত্রোপচার ছাড়াও ভালো হতে পারে, দেশের সেরা পেসারের বিশ্বকাপে খেলার আশাটা নিভু নিভু করে হলেও আছে। মাশরাফি নিজেও একটা শেষ চেষ্টা করে দেখার কথা বলছেন।বিসিবির চিকিৎসক মনিরুল আমিন গতকাল এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা নিয়ে পরামর্শ করেছেন অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক সার্জন ও হাঁটু বিশেষজ্ঞ এম আলী এবং রেডিওলজিস্ট বিদ্যুৎ কুমার সাহার সঙ্গে। অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংকেও জানানো হয়েছে রিপোর্টের বিস্তারিত। ত্রিমুখী এ আলোচনার পর মাশরাফির ইনজুরির ব্যাপারে ধীরে চলো নীতিই নেওয়া হয়েছে আপাতত।অস্ত্রোপচার যেহেতু এখনই জরুরি নয়, আপাতত ১০ দিনের বিশ্রাম নিতে বলা হয়েছে মাশরাফিকে। ওষুধ সেবন, আঘাতের জায়গায় বরফ দেওয়ার সঙ্গে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলবে এই সময়ে। তিন দিন পর হাসপাতালে গিয়ে চিকিৎসকদের দেখিয়েও আসতে হবে একবার। মনিরুল আমিন জানিয়েছেন, ১০ দিনে অবস্থার কতটা উন্নতি হয় তার ওপরই নির্ভর করছে মাশরাফির মাঠে ফেরার সময়। ২০১১ বিশ্বকাপে মাশরাফির খেলা নিয়ে তাই এখনই কোনো মন্তব্যে যেতে রাজি নন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার লাগবে কি লাগবে না, সেটাও নির্ভর করছে এই ১০ দিনে অবস্থার কতটা উন্নতি হয় তার ওপর। চিকিৎসক মনিরুল অবশ্য নিশ্চিত করেছেন, অস্ত্রোপচার করাতে না হলেও অন্তত সপ্তাহ তিনেক মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে। তবে অস্ত্রোপচার লাগলে যেহেতু আবারও অস্ট্রেলিয়ায়ই যেতে হবে, মাশরাফির ভিসা করিয়ে রাখার চিন্তাভাবনাও ছিল কাল বোর্ডে।তিন সপ্তাহেই সেরে উঠলে বিশ্বকাপে খেলার আশা কিছুটা হলেও থাকে। কাল চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আরও আশাবাদী হয়ে উঠেছেন মাশরাফি, ‘তিনি (ইয়াং) আমাকে বিশ্বকাপে খেলার জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি থাকতে বলেছেন। অস্ত্রোপচারে গেলে ফিরতে সময় লাগবে, খেলতে হলে তাই এ অবস্থায়ই খেলতে হবে। এ জন্য মাসল বিল্ডআপটা জরুরি। সেটার জন্য সপ্তাহ তিনেক সময় লাগবে।’দেশের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন তাই এখনো মরে যায়নি। যে লড়াইয়ে আগেও বহুবার জিতে ফিরেছেন, মাশরাফি আরও একবার ইনজুরিকে হারিয়ে দেওয়ার আশায় বুক বাঁধছেন, ‘এত বড় ইভেন্ট...! আমি তো ডেভিডের (ইয়াং) সঙ্গে কথা বলার আগেও আশাবাদী ছিলাম বিশ্বকাপে খেলব। ব্যথা আর ফোলা কমে গেলে শেষ চেষ্টা করব।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাওয়াটা মাশরাফিকে জোগাতে পারে আরও বেশি আত্মবিশ্বাস। ‘মাশরাফি আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। বিপদে আপদে বোর্ড সব সময় তার পাশে থাকবে। যদি প্রয়োজন হয় আবারও চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়া পাঠানো হবে’—ঘোষণাটা বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের। তবে বোর্ডের পক্ষ থেকে মাশরাফি বড় চমকটা পেলেন কাল বিকেলে, বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল যখন হাজির হলেন তাঁর মিরপুরের ‘সি’ ব্লকের বাসায়। মাশরাফির শয়নকক্ষে তাঁর পাশে বসেই বেশ খানিকটা সময় কাটিয়েছেন বোর্ড সভাপতি। দিয়েছেন সান্ত্বনা আর সাহস।লড়াইটা যখন নিজের সঙ্গে, ওষুধ-পথ্যের চেয়ে এই সাহস রাখাটাও কম জরুরি নয় মাশরাফির জন্য।