তবুও বুকাননের বাজি অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের ক্রিকেট মিলিয়ে গত ২৮ ম্যাচের মাত্র আটটিতে জয়! দলটার নাম অস্ট্রেলিয়া শুনলে আগের লাইনে বিস্ময় চিহ্ন আসলে একটার বদলে বসাতে হয় দুটো। হাজার হোক, অস্ট্রেলিয়া তো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তিনবারের টানা।যে যা-ই বলুক, জন বুকাননের দৃঢ় বিশ্বাস, এবারও বিশ্বকাপের ট্রফি উঠবে রিকি পন্টিংয়ের হাতেই। গত দুবারের বিশ্বকাপজয়ী এই কোচ বলছেন, ‘বিশ্বকাপ আলাদা একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ায় কিংবা অন্য কোনো জায়গায় কী ফল হলো, তাতে কিছু আসে-যায় না। বিশ্বকাপের পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা। সেখানে প্রতি দিন একটি করে নতুন দলের মুখোমুখি হতে হবে। এই দলটিকে শুধু বিশ্বকাপ জেতার জন্য যা যা করতে হবে, সেটি ঠিক করে নিলেই হবে।’১৯৯৯ বিশ্বকাপ জয়ের পর জিওফ মার্শের স্থলাভিষিক্ত হন বুকানন। ২০০৭ বিশ্বকাপের পর সরে দাঁড়ান। তাঁর অধীনেই দলটি সেরা সময় কাটিয়েছে। দুবার টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড গড়েছে। অ্যাশেজে ধবল ধোলাই দিয়েছে ইংল্যান্ডকে। কিন্তু তাঁর বিদায় এমন একসময় হয়েছে, যখন অস্ট্রেলিয়া রূপান্তরকালীন সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। এই সময়ে দল থেকে অবসর নিয়েছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্টদের মতো মহা তারকারা। এরপর থেকেই পতনের শুরু। এবার তো দেশের মাটিতে অ্যাশেজও হারতে হয়েছে শোচনীয়ভাবে (১-৩)। যদিও বুকানন বলছেন, ‘অ্যাশেজ শেষ হয়ে গেছে অ্যাশেজেই।’৫৭ বছর বয়সী সাবেক কোচকে আবেগতাড়িত বলার উপায় নেই। ক্রিকেটীয় প্রজ্ঞা থেকেই বুকানন বলছেন, এবার টানা পঞ্চমবারের মতো ফাইনাল খেলতে দেখা যাবে পন্টিংকে। দলের অধিনায়কের ওপরও আস্থা বিন্দুমাত্র কমেনি তাঁর, ‘যত দিন পর্যন্ত শারীরিকভাবে সে দক্ষতা ধরে রাখতে পারবে, তত দিন পর্যন্ত সে-ই যোগ্যতম অধিনায়ক। ওর ব্যাটিং সক্ষমতা নিয়ে কোনো প্রশ্নই নেই।’বাকি সব ঝুটঝামেলা মাথা থেকে ঝেড়ে ফেলে পন্টিংকে শুধু বিশ্বকাপে মনোযোগী হতে পরামর্শ দিলেন বুকানন, ‘তথাকথিত পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে ও আসলে বেশি মাথা ঘামিয়েছে। ওর আসল কাজ কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, মাঠে এবং ব্যাট হাতেও। আমার মনে হয়, বিশ্বকাপে সে সেই অবকাশটুকু পাবে। এই সংক্ষিপ্ত সময়ে ওর কী করা উচিত, সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা ওর সামনে থাকবে।’২ এপ্রিলের ফাইনালে অস্ট্রেলিয়া থাকবে—এ ব্যাপারে বুকানন নিশ্চিত। শুধু নিশ্চিত নন, ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে কে, ‘আমি আগাগোড়াই একজন খাঁটি অস্ট্রেলিয়ান। ভারতীয় কন্ডিশনে ওয়ানডেতে ভালো খেলার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখনো কিন্তু ওরা এক নম্বর দল। তাই আমার মতে, ফাইনালটি হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, নয়তো অস্ট্রেলিয়া-ভারত।’দেখা যাক কী হয়! রয়টার্স।