তবুও বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতটা হ্যাপা তাঁকে নিজের দেশেও পোহাতে হয় না। চীনে আসার পরই ডেভিড বেকহাম বুঝতে পেরেছেন খ্যাতির বিড়ম্বনা কী বস্তু। তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সাংহাইয়ে। অত্যুৎসাহী ভক্তদের সামলাতে হিমশিম খেয়েছে পুলিশ। অঘটনটা এড়ানো যায়নি শেষ পর্যন্ত, পদপিষ্ট হয়ে আহত হয়েছেন সাতজন। বাতিল করতে হয়েছে পূর্বনির্ধারিত প্রীতি ম্যাচও। পরে বেকহাম নিজেই সহানুভূতি জানিয়েছেন আহতদের প্রতি। জানিয়েছেন আহতদের দেখতে যেতে পারেন হাসপাতালে। তবে এমন দুঃখজনক ঘটনার পরও কিন্তু বেকহাম-উন্মাদনা কমার লক্ষণ নেই। এক পাগুলে ভক্তের মন্তব্য, ‘তোমাকে (বেকহামকে) দেখতে গিয়ে আহত হলেও কোনো ক্ষতি নেই!’ এএফপি।

ওয়ার্নের কাণ্ড

ধারাভাষ্য দিতে দিতে হয়তো হাঁপিয়ে উঠেছিলেন। ম্যাড়মেড়ে ম্যাচ দেখতে দেখতে অবসাদও গ্রাস করতে পারে। ভাবলেন, এক ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ, সবাইকে স্তম্ভিত করে প্রেসবক্সের মেঝেতেই সটান শুয়ে পড়লেন স্যুট-টাই পরেই। শেন ওয়ার্ন ছাড়া এই কাজ আর কে করতে পারেন! এমন দিবানিদ্রার কারণ নৈশজীবনের শ্রান্তি থেকে কিনা সেটা জানা যায়নি। তবে ওয়ার্নের সময়টা কিন্তু ভালোই যাচ্ছে, তাঁর নামে একটা গীতিনাট্যের মঞ্চায়ন হয়েছে মেলবোর্নে। ওয়েবসাইট।