তবুও মলিন চাঁদের হাসি
মগবাজারের সুমনের সাদা শার্টের ওপর চাপানো শেখ জামালের হলুদ জার্সি। মাথায় বাঁধা হলুদ পট্টিতেও লেখা ‘শেখ জামাল’। কিন্তু হূদয়ে? ‘আমি ভাই আবাহনীর সাপোর্টার। দুইটাই তো একই সংগঠনের দল, তাই আজ আমি শেখ জামালের দলে।’ ধলপুরের আকাশ আর সোহানুরও হলুদ জার্সি পরে মোবাইলে ছবি তুললেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভারটনের সঙ্গে। বাংলাদেশ লিগে আবির্ভাবেই শিরোপাজয়ী দলের সমর্থকদের উচ্ছ্বাস করতেও যেন কার্পণ্য! গ্যালারিতে অবহেলায় পড়ে ছিল শেখ জামালের ছবিসংবলিত প্ল্যাকার্ড।খেলোয়াড়দের মধ্যেও এরই ছায়া। ম্যাচশেষে অধিনায়ক আমিনুল হক সোজা ড্রেসিংরুমে। সভাপতি মনজুর কাদের সবাইকে ডেকে জড়ো করছেন। খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাসের মনের মতো একটা ছবি ফ্রেমে ধরার অপেক্ষায় ফটো সাংবাদিকেরা। কিন্তু সেই আনন্দ উদ্যাপনেও ভাটার টান। শুধু দলের সহকারী কোচ মোহাম্মদ পনিরের খুশি-খুশি চেহারা, হাতে ফোমের বোতল নিয়ে ব্যস্ত ছোটাছুটি। তা থেকে কিছু বুদ্বুদ্ উড়িয়ে দিলেন খেলোয়াড়দের মাথায়। ক্লাবের পতাকা নিয়ে গ্যালারির সামনে সামান্য নাচানাচিতেও মূলত বিদেশি খেলোয়াড়রা। অথচ কত নাটকীয়তার পরই না দুটি টুর্নামেন্টের ব্যর্থতা কাটিয়ে চ্যাম্পিয়ন হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব!দেদার টাকা খরচ করে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দল। বিদেশিদের ভিড়ে অনেক ম্যাচেই দর্শক এনামুল, এমিলি ও জাহিদ। তবুও অখুশি নন, চ্যাম্পিয়ন হওয়াটাই যে বড় কথা। সাত বছর ঢাকার ফুটবলে খেলছেন জাহিদ হাসান এমিলি। এর মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন দলে, ‘চ্যাম্পিয়নের অনুভূতিটা সব সময়ই অন্যরকম। দল গড়ার সময় লক্ষ্য ছিল, সব কটিতে চ্যাম্পিয়ন হব। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে পারিনি, অবশেষে লিগে চ্যাম্পিয়ন হলাম।’ পাতানো ম্যাচের অভিযোগও উড়িয়ে দিতে চাইলেন, ‘আমরা খেলেই চ্যাম্পিয়ন হয়েছি।’ওয়ালী ফয়সাল সর্বশেষ শিরোপা জয়ের আনন্দ করেছিলেন ২০০৯ সালে, আবাহনীর জার্সি গায়ে। দুই বছর পর আবারও চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি, ‘মাঝের দুটি টুর্নামেন্টে কিছু করতে পারেনি বলে হতাশায় ছিলাম। চেষ্টা ছিল অন্তত লিগ শিরোপা যেন ঘরে তুলতে পারি।’ দেশের ফুটবলের স্বার্থেই শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়াটা জরুরি ছিল বলেও মনে করেন তিনি।এনামুলের কথা, ‘এবার লিগ জমেছে। পাতানো ম্যাচ-ট্যাচ কিছু না, সব ম্যাচই লড়াই করে জিততে হয়েছে।’ মামুন খানেরও একই সুর, ‘যে যা-ই বলুক, এটাই হলো ফুটবল। আজ তো হেরেও যেতে পারতাম।’চ্যাম্পিয়ন হওয়ায় কাল মাঠেই ২৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি মনজুর কাদের। রাতে পার্টি দেওয়ারও কথা ছিল। কিন্তু পাতানো খেলার অভিযোগ মাথায় নিয়ে পার্টিটা কি জমেছে?