বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। ব্যাট-বলে ঝলক দেখিয়েছেন সমালোচনার মুখে পড়া অধিনায়ক শহীদ আফ্রিদি। এতে যদি আফ্রিদি ভেবে থাকেন তাঁর সেই ‘পাকিস্তানের চেয়ে ভারতেই বেশি ভালোবাসা পাওয়া যায়’ বক্তব্যটা ভুলে গেছেন সমালোচকেরা তা কিন্তু ভুল। বরং জাভেদ মিয়াঁদাদ কাল ব্যাপারটা আবার মনে করিয়ে দিয়ে জানতে চাইলেন—গত কয়েক দিনে পাকিস্তানের চেয়ে কীভাবে ভারতে বেশি ভালোবাসা পেলেন আফ্রিদি?
প্রশ্নটা তুলে মিয়াঁদাদ আবারও তোপ দাগলেন। সঙ্গে আরেকটা তির ছুড়লেন আফ্রিদির দিকে। এবার পাকিস্তানের সাবেক অধিনায়কের জিজ্ঞাসা, ‘আমি জানতে চাই, গত দুই দিনে সে ভারতে এমন কী পেয়েছে যা পাকিস্তানে পায়নি?’ তারপর নিজেই বলেন, ‘আমরাও ভারতীয় খেলোয়াড়দের পছন্দ করি। যখন ওরা পাকিস্তানে আসে, ওদের সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে।’ এটুকু বলে থামেননি মিয়াঁদাদ, ‘পাকিস্তানের চেয়ে ভারতে বেশি ভালোবাসা পাওয়া যায় বলে আফ্রিদির বক্তব্য মানতে পারছি না। আমাদের দেশ আমাদের মা, সেটাই আমাদের পরিচয়।’ তথ্যসূত্র: এনডিটিভি।