তবুও ম্যানইউকেই এগিয়ে রাখলেন মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা জয়ের পর রেড ডেভিলদের আধিপত্য খর্ব করার ইঙ্গিতটা বেশ ভালো মতোই দিয়েছিল ম্যানচেস্টার সিটি। আর গতকাল মৌসুমের প্রথম ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বীদের ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে যেন নিজেদের দুরন্ত রূপটিরই আনুষ্ঠানিক ঘোষণা দিল ম্যানসিটি। ওল্ড ট্রাফোর্ডে গতকালের ম্যাচটিকে নিজের ২৫ বছরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচ বলে আখ্যায়িত করেছেন ম্যানইউয়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।ম্যানসিটি কোচ রবার্তো মানচিনি অবশ্য শূন্যে ভাসতে রাজি নন। এ মুহূর্তে নিজের দলকে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়েও ভালো বলতেও রয়েছে তাঁর ঘোরতর আপত্তি। তিনি নিজের পুরো মনোযোগ নিবদ্ধ করেছেন এ মৌসুমের শিরোপা জয়ে।গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঐতিহাসিক ৬-১ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে মানচিনি বলেছেন, ‘আমরা শুধু একটা খেলাতেই জয় পেয়েছি। আমার মনে হয়, এখনো ইউনাইটেড আমাদের চেয়ে এগিয়ে আছে। তবে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারলে হয়তো আমরা নিজেদের সেরা দাবি করতে পারব। তখন হয়তো পরিস্থিতির অনেক পরিবর্তন হবে। কিন্তু এখন ইউনাইটেড আমাদের চেয়ে ভালো দল।’প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গেই শীর্ষস্থানের দখল ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ দ্বিতীয় স্থানে আছে ৫ পয়েন্ট কম নিয়ে। রয়টার্স