তবুও ম্যারাডোনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রিয় ডিয়েগো, আপনার সমালোচনা করার জন্য আমরা দুঃখিত। আপনাকে ধন্যবাদ...বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়ের পর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এবং যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এ দুটি লেখা ছাপা হয়েছে। দুটি লেখারই শুরুটা এ রকম। অনেকটা চিঠি লেখার ভঙ্গি। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ হওয়ার পর প্রথমে বিস্ময় প্রকাশ করেছিল সংবাদমাধ্যম। এরপর ক্রমাগত তাঁর সমালোচনাই করে গেছে। কিন্তু পরশু বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আগে পর্যন্ত তাঁর দল যে ফুটবল উপহার দিয়েছে, তাতে মুগ্ধই হয়েছেন দুই পত্রিকার দুই প্রতিনিধি। পত্রিকা দুটির রিপোর্টে আর্জেন্টিনা কোচের সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশের পর তাঁর কীর্তির জন্য ধন্যবাদ জানানো হয়েছে। গার্ডিয়ান-এর প্রতিবেদনের শুরুর দিকটা এ রকম, ‘তাঁর (ম্যারাডোনা) গল্পের শেষ অধ্যায়টি শুরু হয়েছে ২০০৮ সালের নভেম্বরে, গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে। এই হ্যাম্পডেন পার্কে এই স্কটল্যান্ডের বিপক্ষেই ২৯ বছর আগে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেছিলেন তিনি।’এরপর ম্যারাডোনার আর্জেন্টিনার কোচ হওয়াতে যে অনেকেই বিস্মিত হয়েছিলেন, প্রতিবেদনটির প্রতিবেদক সেটা উল্লেখ করে আর্জেন্টিনার কোচ হওয়ার আগে ম্যারাডোনার কোচিং অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন, ম্যারাডোনা আর্জেন্টিনাকে ভালো কিছু এনে দিতে পারবেন, সেদিন এটা কল্পনা করার লোক খুব বেশি ছিল না। এর আগে মাত্র ২৩ ম্যাচের কোচিং অভিজ্ঞতা ছিল। প্রথমে দেপোর্তিভো মান্দিউ করিয়েন্তেসের এবং পরে বুয়েনস এইরেসের রেসিং ক্লাবের কোচ হয়েছেন। প্রথমবার ১৯৯৪ সালে ক্লাবের অবনমনের মধ্য দিয়ে শেষ হয় ম্যারাডোনার দেপোর্তিভো মান্দিউ দিন। পরেরবারও ঝুট-ঝামেলায় শেষ হয়েছে ম্যারাডোনার কোচিং। তাই ম্যারাডোনাকে যখন আর্জেন্টিনার কোচ করা হলো, তখন সবাই ধরেই নিয়েছিলেন আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি দিয়েই শেষ হবে তাঁর আরেকটি কোচিং অধ্যায়। কিন্তু এই পূর্বানুমান ঠিক হয়নি। সেই দায়ই যেন স্বীকার করল গার্ডিয়ান আর নিউইয়র্ক টাইমস পত্রিকা দুটি। গার্ডিয়ান লিখেছে, ‘বিশ্বকাপে অন্য যেকোনো কোচের চেয়ে আপনি বেশি আমুদে ছিলেন। আপনার দল যে ফুটবল উপহার দিয়েছে, সেটাও ছিল দারুণ। আর কোনো দল এটা পারেনি। সবকিছুর পরও কোচ হিসেবে আপনার পুনর্জন্মই আসলে এই বছরের ফুটবলের গল্প।’দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদক রব হিউজ লিখেছেন, ‘আমরা আসলে আপনার (ম্যারাডোনা) কোচ হওয়ার ব্যাপারটাতে ভুল বুঝেছিলাম। আর্জেন্টিনা-জার্মানি ম্যাচে যা ঘটেছে, এর পরও বলব এই টুর্নামেন্টে আপনার দল আনন্দদায়ী ফুটবল খেলেছে।’