তবুও রোনালদোকেই সেরা মানেন ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ১৬তম গোলটি করার পর উল্লাসে মেতেছেন মিরোস্লাভ ক্লোসা। ছবি: রয়টার্স
বিশ্বকাপের ১৬তম গোলটি করার পর উল্লাসে মেতেছেন মিরোস্লাভ ক্লোসা। ছবি: রয়টার্স

রোনালদোর রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই এবারের বিশ্বকাপে এসেছিলেন মিরোস্লাভ ক্লোসা। সফলও হয়েছেন এই জার্মান স্ট্রাইকার। শুধু ১৫ গোলের রেকর্ড ছুঁয়েই থেমে থাকেননি, রোনালদোকে ছাড়িয়েও গেছেন ক্লোসা।
১৬ গোল নিয়ে এখন এককভাবেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটিতে বসেছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। তার পরও রোনালদোই যে সেরা খেলোয়াড়, সেটা স্বীকার করে নিয়েছেন ক্লোসা।
রোনালদোর মতো পূর্ণাঙ্গ খেলোয়াড় দেখেননি বলেই মন্তব্য করেছেন ক্লোসা, ‘তিনি খুবই অসাধারণ খেলোয়াড়। আমি ইতালিয়ান লিগে খেলি আর সেখানে সবাই আমাকে বলেছে যে ইতালিতে রোনালদোই ছিলেন সবচেয়ে ভালো ফুটবলার। আমার কাছে তিনিই সবচেয়ে পূর্ণাঙ্গ ফুটবলার।’
ঘানার বিপক্ষে জার্মানির দ্বিতীয় ম্যাচেই রোনালদোর ১৫ গোলের রেকর্ডটি ছুঁয়ে ফেলেছিলেন ক্লোসা। সেই গোলের পরপরই ক্লোসাকে অভিনন্দন জানিয়েছিলেন রোনালদো। টুইটারে লিখেছিলেন, ‘১৫ গোলের ক্লাবে স্বাগতম, ক্লোসা।’ জার্মান স্ট্রাইকার অবশ্য রোনালদোকে ছাড়িয়ে গেছেন আরও একটি গোল করে। আর সেটাও তিনি করেছেন ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে। এই গোলটির পর নিশ্চয়ই ক্লোসাকে অভিনন্দন জানানোর মতো অবস্থায় ছিলেন না রোনালদো। কারণ ব্রাজিল সেই ম্যাচে হেরেছিল ৭-১ গোলের বিশাল ব্যবধানে। রোনালদোর জন্য যে অভিজ্ঞতাটা মোটেও সুখবর ছিল না, সেটা ক্লোসাও বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ‘অবশ্যই এটা তাঁর জন্য খুবই তিক্ত অভিজ্ঞতা ছিল। তিনি সেই ম্যাচে স্টেডিয়ামেও উপস্থিত ছিলেন।’

ক্লোসা অবশ্য আগে থেকেই সবাইকে ১৬ গোলের ক্লাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রেখেছেন। বলেছেন, ‘মিরোস্লাভ ক্লোসা এখন ১৬ গোলের ক্লাবে। আর এখানে সবাইকে সাদর আমন্ত্রণ।’ সঙ্গী পাওয়ার জন্য হয়তো খুব বেশি দিন অপেক্ষাও করতে হবে না ক্লোসাকে। তাঁর সতীর্থ, ২৪ বছর বয়সী টমাস মুলারই হয়তো এক সময় ভেঙে দেবেন ক্লোসার রেকর্ড। মাত্র দুটি বিশ্বকাপ খেলেই ১০টি গোল করে ফেলেছেন মুলার।— রয়টার্স।