তবুও শীর্ষ দশের বাইরে ব্রাজিল
ফিফার ‘বিতর্কিত’ র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষ দশের বাইরে ব্রাজিল। ক্রোয়েশিয়া, ডেনমার্ক, গ্রিসের মতো দলের অবস্থানও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ওপরে।ইতিহাসের সবচেয়ে বাজে ১৩তম র্যাঙ্কিং থেকে অবশ্য এক ধাপ এগিয়েছে ব্রাজিল। নেইমারদের অবস্থান এখন ১২তম। আর্জেন্টিনার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই সপ্তম স্থানে আছেন লিওনেল মেসিরা।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিফা র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন ওঠার কারণ ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স। গত বছর ১৩টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয় ব্রাজিল। জয় পায় ১০টিতে। এর মধ্যে রয়েছে গত মে মাসে ফিফার র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ডেনমার্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ও। গত এক বছরে আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল হেরেছে শুধু আর্জেন্টিনা ও মেক্সিকোর কাছে।র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে কেবল চতুর্থ ও পঞ্চম স্থানে পরিবর্তন এসেছে। এক ধাপ ওপরে উঠে এখন পর্তুগালের অবস্থান চতুর্থ। পর্তুগিজদের জায়গা করে দিতে চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে উরুগুয়ে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে উরুগুয়ের অবস্থানই সবার ওপরে।ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা যথারীতি দখলে রেখেছে বিশ্বজয়ী স্পেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানটা যথাক্রমে জার্মানি ও ইংল্যান্ডের। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে জাপান। এক ধাপ নেমে জাপানিদের অবস্থান ২৩তম। এক ধাপ করে অবনমন হয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেরও। বাংলাদেশের অবস্থান ১৭০তম। ঠিক ওপরে আছে ভারত (১৬৯)। পাকিস্তানিদের অবস্থান ১৭৭তম। এ ছাড়া মালদ্বীপ ১৫৯, আফগানিস্তান ১৬৫, নেপাল ১৬৬, ইন্দোনেশিয়া ১৬৮তম স্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০:১. (১) স্পেন ২. (২) জার্মানি৩. (৩) ইংল্যান্ড৪. (৫) পর্তুগাল৫. (৪) উরুগুয়ে৬. (৬) ইতালি৭. (৭) আর্জেন্টিনা ৮. (৮) হল্যান্ড৯. (৯) ক্রোয়েশিয়া১০. (১০) ডেনমার্ক* বন্ধনীর মাঝে আগের র্যাঙ্কিং