তবুও শ্রীলঙ্কার দিন
অধিনায়ক সুনীল গাভাস্কার নাকি টসও প্র্যাকটিস করতেন। গাভাস্কারের কাছ থেকে কায়দাটা জেনে নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ কবে টেস্টে টস জিতেছিলেন ভারত অধিনায়কের তো সেটা ভুলেই যাওয়ার কথা! সফরকারী অধিনায়ক বলে এই সিরিজে অবশ্য ধোনিকে প্রতিবারই ‘কল’ করতে হয়েছে এবং আগের দুই টেস্টের মতো হারলেন কালও। সিরিজে সমতা ফেরানোর জন্য যেটা জেতা ছিল দারুণ জরুরি।টস হারলেও কাল সফরে সেরা ‘প্রথম দিন’ কাটিয়েছে ভারত। পি সারা ওভালের উইকেটে প্রাণ আছে, শ্রীলঙ্কার সেরা উইকেটগুলোর একটি—এমনটা শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। কাল দেখা গেল বোলারদের উৎসাহিত করার মতো সত্যিই কিছু আছে উইকেটে। পেসাররা বাউন্স মুভমেন্ট পেলেন, প্রথম দিন হিসেবে বল যথেষ্ট ঘুরলও। সফরে প্রথমবারের মতো প্রথম দিনে দুটির বেশি উইকেট নিতে পারল ভারত। আগের দুই টেস্টেই প্রথম দিনে দুটি করে সেঞ্চুরি পাওয়া শ্রীলঙ্কা এবার পেল না একটিও। নিয়ন্ত্রণ তবুও তাদের হাতেই। সফরে সেরা প্রথম দিন কাটানোর পরও দিনটি ভারতের নয়। আগের দুই টেস্টের প্রথম দিন শেষে যা বলতে হয়েছে, এবারও বলতে হচ্ছে তা-ই—দিনটি শ্রীলঙ্কার।ভারতের জন্য দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। থারাঙ্গা পারানাভিতানাকে কাল শুরু থেকেই একটু নড়বড়ে লাগছিল, আগের দুই টেস্টের সেঞ্চুরিয়ান ধরা পড়েন ইশান্ত শর্মার দ্বিতীয় ওভারেই উইকেটের পেছনে। সিরিজে প্রথমবারের মতো প্রথম স্পেলে উইকেট পেলেন ভারতের মূল স্ট্রাইক বোলার, ভাবা যায়! উইকেটের চরিত্র বুঝে দুরন্ত ফর্মে থাকা সাঙ্গাকারাও শুরুতে ছিলেন সাবধানী। তবে দিলশানের সঙ্গে তাঁর জুটিটা ধীরে ধীরে জমে যায়। আগের দুই টেস্টে ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে না পারা দিলশান কাল ছিলেন দারুণ সতর্ক। কিন্তু লাঞ্চের ঠিক আগে আউট হলেন অসতর্কতায়। প্রজ্ঞান ওঝার বলে খেলেই রান নিতে উদ্যত হয়েছিলেন দিলশান। সিলি পয়েন্টে দাঁড়ানো মুরালি বিজয় দারুণ ক্ষিপ্রতায় ধরে বল দেন উইকেটকিপারকে। ধোনি বেল ফেলে দিলেন, দিলশানের ব্যাট তখনো বাতাসে।আগের দুই টেস্ট মিলিয়ে ৩১১ রান খরচায় ১ উইকেট পাওয়া ওঝা পরে আউট করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ও সহ-অধিনায়ককে। তবে ওঝার উইকেট না বলে দুটিকেই বলা যায় ভারতকে দেওয়া ‘উপহার’। একটি সাঙ্গাকারার, আরেকটি অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকারের। টানা চতুর্থ সেঞ্চুরিটাকে যখন মনে হচ্ছে কেবল সময়ের ব্যাপার, লং অনে ফিল্ডার থাকা সত্ত্বেও উইকেট ছেড়ে এসে উড়িয়ে মারতে গিয়ে আউট হলেন সাঙ্গাকারা। ৫৬ রান করতে ১৫৪ বল খেলাই বলে দিচ্ছিল জয়াবর্ধনের দৃঢ়প্রতিজ্ঞা। কিন্তু একটি স্টাম্প-সোজা বলে অনেক সামনে খেলার পরও এলবিডব্লু হয়ে যান, টিভি রিপ্লেতে দেখা যায়, বল চলে যেত স্টাম্পের ওপর দিয়ে।আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে দিন শেষ হওয়ার মিনিট পনেরো আগে। তবে তার আগে সামারাবীরা-ম্যাথুসের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি নিশ্চিত করেছে, দিনটা শ্রীলঙ্কারই। তথ্যসূত্র: টেন স্পোর্টস।