তবুও স্বপ্ন অধরা পিস্টোরিয়াসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটো পা নেই তাঁর। কিন্তু স্বপ্ন দেখার মনটা তো আছে। সেই স্বপ্নে অস্কার পিস্টোরিয়াস দেখেন, সুস্থ-সক্ষম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দৌড়াচ্ছেন একই ট্র্যাকে। দক্ষিণ আফ্রিকার এই দৌড়বিদের লক্ষ্য ভারতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া। কিন্তু এর জন্য যে টাইমিং দরকার সেটাই যে হচ্ছে না!পরশুই একটা বিশ্ব রেকর্ড গড়েছেন। লন্ডনের ডায়মন্ড লিগ মিটে ৪০০ মিটারে ৪৭.০৮ সেকেন্ড টাইমিং গড়ে। কিন্তু এই রেকর্ড তিনি গড়েছেন প্যারালিম্পিকের, প্রতিবন্ধীদের বিভাগে। আগের দিন একই মিটে পিস্টোরিয়াস সুস্থ প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দৌড়ে টাইমিং গড়েছিলেন ৪৬.৯৩ সেকেন্ড। কিন্তু এই ইভেন্টটি প্যারালিম্পিক কমিটি অনুমোদিত না হওয়ায় এটি রেকর্ডে ঠাঁই পায়নি।এমনিতে ৪০০ মিটারে পিস্টোরিয়াসের ব্যক্তিগত সেরা টাইমিংটি ৪৬.০২ সেকেন্ড, যেটি তিনি গড়েছিলেন গত মাসে। কিন্তু এটিও প্যারালিম্পিক কমিটির অনুমোদিত ছিল না। ফলে এখন পর্যন্ত ৪০০ মিটারে তাঁর সেরা টাইমিং থাকবে পরশুর ৪৭.০৮ সেকেন্ডই। কিন্তু কমনওয়েলথ গেমসের কোয়ালিফাইং টাইমিং ধরা হয়েছে ৪৫.৯৫ সেকেন্ড।ফাইবারের তৈরি কৃত্রিম পা লাগিয়ে দৌড়ানোর কারণে ‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াস অবশ্য হাল ছাড়ছেন না। ২৩ বছর বয়সী এই অদম্য অ্যাথলেটের লক্ষ্যটা আরও বড়—২০১২ অলিম্পিকে অংশ নেওয়া। এএফপি।