তবুও ‘সেরা’ উডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ ইউএস ওপেন জিতলেন। এর পর থেকেই যেন দুঃসময়ের পাকে পড়ে গেলেন টাইগার উডস। প্রথমে হাঁটুর ইনজুরি তাঁকে পাঠিয়ে দিল নির্বাসনে। মাঝখানে কিছুদিন খেলার পর পর উডস তো নিজেই স্বেচ্ছা নির্বাসনে গেলেন তাঁর পাপবিদ্ধ জীবনটাকে সাফসুতরো করতে।উডস ফিরেছেন গত এপ্রিলে। কিন্তু ফেরেনি তাঁর খেলার সেই ধার। সদ্য শেষ হওয়া ব্রিটিশ ওপেনেও চরম ব্যর্থ। তাতে কী, এই ঘোর দুর্দিনে একটা সুখবর ঠিকই শুনলেন এই গলফ তারকা। স্ত্রীকে লুকিয়ে অসংখ্য নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন, তার পরও উডসের প্রতি ভালোবাসা কমেনি তাঁর ভক্তদের। প্রমাণ, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া তারকা হিসেবে আবারও নির্বাচিত হওয়া।এই খেতাব তিনি আসলে পেয়ে আসছেন ২০০৬ সাল থেকেই। টানা পঞ্চমবারের মতো আবারও মার্কিনদের চোখে জনপ্রিয় তারকা নির্বাচিত হলেন উডস। গত বছরের শেষ দিকে তাঁর কলঙ্কিত জীবন ফাঁস হতে শুরু করার পর উডসের জনপ্রিয়তায় ভাটার টান দেখা দিয়েছিল। একে একে অনেক স্পনসর সম্পর্ক ছিন্ন করেছে তাঁর সঙ্গে। তবে এই জরিপ প্রমাণ করে দিল, উডসকে হূদয়ের মণিকোঠাতেই সযতনে রেখেছে যুক্তরাষ্ট্রের মানুষ।অবশ্য সেরা হয়েও একটা সতর্কবার্তা পেয়েছেন উডস। গত চার বছরে এই খেতাব তিনি পেয়েছেন জরিপে নিরঙ্কুশ সমর্থন পেয়ে। এবার সেই একক আধিপত্য থাকল না। খেতাব তাঁকে ভাগাভাগি করে নিতে হলো বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের সঙ্গে। জনপ্রিয় নারী ক্রীড়া তারকার খেতাব যথারীতি পেয়েছেন দুই উইলিয়ামস বোন। সেরেনা এক, দুই নম্বরে ভেনাস। ফুটবল বিশ্বকাপের জ্বরে মার্কিনরাও নাকি এবার কেঁপেছে। তাতে ডনোভান-আল্টিডরদের খুব একটা উপকার না হলেও নারী ফুটবল তারকা মিয়া হ্যাম গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে হয়েছেন চতুর্থ। জন্ম রাশিয়ায় হলেও মারিয়া শারাপোভা আর আনা কুর্নিকোভা যুক্তরাষ্ট্রের মানুষ হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রও বরণ করে নিয়েছে এই দুই টেনিস তারকাকে। ওই জরিপে শারাপোভা হয়েছেন চতুর্থ, কুর্নিকোভা পঞ্চম। ওয়েবসাইট।