তবে কি বাংলাদেশ!
এক শ করা তাঁর কাছে তুড়ি মারার মতো ব্যাপার। এ পর্যন্ত ৯৯ বার করেছেন এক শ। কাজটা তাঁর জন্য এতই সহজ। কিন্তু এক শর এক শ? কুসংস্কারাচ্ছন্ন কোনো নিকটাত্মীয় ভাবতে পারেন, নিশ্চিত কারও বাণে আটকে গেছে শচীনের ব্যাট।আশাবাদী মানুষ তা ভাবছে না। এক বছর ধরে অপেক্ষায় থাকার পরও তারা আশায়—শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিটিও হলো বলে। হবে এই এশিয়া কাপেই। টেন্ডুলকারও নিশ্চয়ই সেই স্বপ্নে বিভোর। বাংলাদেশেই হয়ে যাবে শততম সেঞ্চুরি।সেঞ্চুরিটা গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হলেই বেশি নাটকীয় হতো। ৯৯তম সেঞ্চুরির বর্ষপূর্তির পরদিনই শততম সেঞ্চুরি! হলো না। মাত্র ৬ রান করেই লাকমলের বলে এক্সট্রা কাভারে জয়াবর্ধনের ক্যাচ। টেন্ডুলকার নিজেও বোধহয় বিশ্বাস করতে পারছিলেন না, শততম সেঞ্চুরি থেকে ৯৪ রান দূরে থাকতেই ওভাবে আউট হয়ে যাবেন। উইকেট না ছেড়ে তাই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। শ্রীলঙ্কার উৎসবের ভিড়ে ঢুকে কিছু একটা বললেনও। লাভ হলো না।টেন্ডুলকারের আউট শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দিয়েছে। ক্রিকেট ইতিহাসের প্রথম শততম সেঞ্চুরির শিকার হিসেবে অন্তত তারা থাকল না। তবে কি বাংলাদেশ? আগামী পরশু তো বাংলাদেশের বিপক্ষেই আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন ব্যাটিংয়ের মহানায়ক!পরিসংখ্যান বলছে, আরাধ্য সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে না পাওয়ার সম্ভাবনাই বেশি। টেস্টে অপরাজিত ২৪৮ রানের সর্বোচ্চ ইনিংসসহ ৫ সেঞ্চুরি থাকলেও ১১ ওয়ানডে খেলে বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্কের রানের দেখা পাননি কখনো। বলতে পারেন, পাননি বলেই তো ১৬ মার্চের ম্যাচে ক্ষুধাটা বেশি থাকবে টেন্ডুলকারের। এত দিনের না পাওয়ার যন্ত্রণা শততম সেঞ্চুরি দিয়ে মিটিয়ে নেবেন।হতে পারে। তবে বাংলাদেশ দলের নবীন অলরাউন্ডার নাসির হোসেন উল্টো করেও ভাবছেন। ব্যাটসম্যান সে যত বড়ই হোক, আউট করতে তো লাগে একটা মাত্র ভালো বল! ‘ভালো বল তো সবার জন্যই ভালো। টেন্ডুলকার বা আর যে-ই হোক।’ কাল অনুশীলন শেষে বলছিলেন নাসির। কথা হচ্ছিল ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই। সেখানে টেন্ডুলকার এলেন প্রসঙ্গক্রমে। গতকালের ম্যাচই বলে দিচ্ছে, টেন্ডুলকারকে আটকাতে পারা মানে ভারতকে আটকে রাখার দিন আর নেই। তবে নাসিরের লক্ষ্য দুটোই আটকে রাখা, ‘আমাদের আত্মবিশ্বাস আছে ভারতের বিপক্ষে ভালো কিছু করব। চেষ্টা করব তাদের ২৬০-২৭০ এর মধ্যে আটকে রাখতে। তাহলেই আমাদের জন্য ভালো।’ভারতকে আটকে রাখার লক্ষ্য পূরণ হলে তাতে টেন্ডুলকারের অবদান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে না বাংলাদেশ দলের জন্য। বরং ফলাফলটা খুব ভালো কিছু হয়ে গেলে টেন্ডুলকারের শততম সেঞ্চুরি বাংলাদেশের গর্বই বাড়াবে। অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য এই ধারণায় বিশ্বাসী নন। টুর্নামেন্ট শুরুর আগেই পরিষ্কার করে দিয়েছেন, শচীন টেন্ডুলকারের ঐতিহাসিক সেঞ্চুরিতে কেবলই দর্শকের ভূমিকাটা চান তিনি। টেন্ডুলকার এক শটি সেঞ্চুরি করুক, তবে শততমটি যেন কোনোভাবেই না হয় বাংলাদেশের বিপক্ষে। এশিয়া কাপ ফাইনালের আগে এরপর বাকি থাকে কেবল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে হয়ে গেলে স্বস্তিই পাবেন, তবে শততম সেঞ্চুরির আনন্দ সীমা ছাড়িয়ে যাবে, যদি সেটা হয় ১৮ মার্চ পাকিস্তানের বিপক্ষে। বিশ্ব ক্রিকেটেই তো ওটা এখনো সবচেয়ে বড় ম্যাচ!এশিয়া কাপের তো বটেই। তবে এশিয়ার বিশ্বকাপে আপাতত সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বেশি অপেক্ষা টেন্ডুলকারের সেঞ্চুরির জন্যই। টেন্ডুলকারকে ধন্যবাদ দিতে পারে এসিসি। তাঁর সৌজন্যেই আগামী কয়েকটা দিন বিশ্ব ক্রিকেটই তাকিয়ে থাকবে এই এশিয়া কাপের দিকে।