তবে কি সময় আর্জেন্টিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনাকে পেলেই মনে হয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েন প্রতিপক্ষ গোলকিপাররা। প্রথম ম্যাচে হেরেও ম্যাচ-সেরা হয়েছিলেন নাইজেরিয়ান গোলকিপার ভিনসেন্ট এনাইয়ামা। পরশু বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন আলেক্সান্দ্রোস জোরভাস। আর্জেন্টিনাকে যে ৭৭ মিনিট গোল-বঞ্চিত রাখল গ্রিস, এতে ডিফেন্ডারদের চেয়েও বড় ভূমিকা গ্রিক গোলকিপারের বীরত্বের। তবে এই বিশ্বকাপের আর্জেন্টিনা আবার অন্য রকম, কোনো না কোনোভাবে গোল তারা পেয়েই যাবে। প্রথম ম্যাচের পর পরশুও তাদের স্বস্তির গোল এনে দিয়েছেন এক ডিফেন্ডার। মাঝে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের প্রথম গোল এসেছিল আত্মঘাতী। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য ভালো খেলার পাশাপাশি ভাগ্যটাও একটু দরকার। আর্জেন্টিনা খেলছেও দুর্দান্ত, ভাগ্যটাও এখনো পর্যন্ত সঙ্গে আছে। সময় কি তবে এবার আর্জেন্টিনার!পরশু যেমন খেলেছে তাতে অবশ্য আরও বড় জয়ই প্রাপ্য ছিল ডিয়েগো ম্যারাডোনার দলের। দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত বলেই আগের ম্যাচের একাদশ থেকে সাতটি পরিবর্তন এনেছিলেন ম্যারাডোনা। নিকোলাস বুর্দিসো, ক্লেমেন্তে রদ্রিগেজ, মারিও বোলাত্তি, নিকোলাস ওটামেন্ডি, হুয়ান ভেরন, সার্জিও আগুয়েরো ও ডিয়েগা মিলিতো পরশু সুযোগ পেয়ে যান সেরা একাদশে। প্রায় দ্বিতীয় একাদশ নিয়েই আর্জেন্টিনা খেলেছে আর্জেন্টিনার মতোই। বল দখলে রেখেছে ৬৭ ভাগ, আক্রমণ করে গেছে একের পর এক। প্রথমার্ধেই দুটি গোল পেতে পারতেন ‘ম্যারাডোনার জামাই’ আগুয়েরো। একবার তাঁর কিক বাঁচিয়েছেন গোলকিপার জোরভাস, আরেকবার বল গোলে ঢোকার আগে পা লাগিয়ে বাইরে পাঠিয়ে দেন গ্রিক ডিফেন্ডার লোকাস ভিন্ত্রা। প্রথমার্ধেই দারুণ পাঁচটি সেভ করেছেন জোরভাস। শেষ পর্যন্ত জোরভাস হার মানেন ৭৭ মিনিটে, তবে গোলটিতে ছিল সৌভাগ্যের ছোঁয়াও। বক্সের ভেতর ডেমিচেলিসের হেড গোললাইনের সামনে মিলিতোর হাতে লেগে আবার ফিরে আসে ডেমিচেলিসের কাছে। এবার আর ভুল করেননি এই ডিফেন্ডার। আগের ম্যাচে যার ভুলে একটি গোল হজম করেছিল আর্জেন্টিনা, সেই ডেমিচেলিস কাল প্রায়শ্চিত্ত করলেন দলকে স্বস্তি এনে দেওয়া প্রথম গোল করে। ২৯ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা রীতিমতো উচ্ছ্বসিত, ‘একজন সেন্ট্রাল ডিফেন্ডারের জন্য আক্রমণে সাহায্য করা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে গোল পেয়ে খুব ভালো লাগছে, আরও ভালো লাগছে দক্ষিণ কোরিয়া ম্যাচের ভুলটা হয়েছিল বলে।’ ১২ মিনিট পর মার্টিন পালের্মোর করা গোলটি অনায়াসে হতে পারত লিওনেল মেসির। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে আর দুজনের মাঝখান দিয়ে দেওয়া মেসির কিক ফিরিয়ে দিলেন জোরভাস, বল পেয়ে গেলেন ফাঁকায় দাঁড়ানো পালের্মো। জোরভাসের ডান পাশ দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। নিজেদের কৌশলে অনেকটা সময় ধরেই সফল ছিল গ্রিস। রক্ষণভাগ জমাট রেখে আচমকা দ্রুতগতিতে পাল্টা আক্রমণে উঠেছে অটো রেহাগেলের দল। একজন নিখুঁত ফিনিশার থাকলে পরশু তারা চমকে দিত পারত আর্জেন্টিনাকে।সবকিছুই যেন এগুচ্ছে দারুণ এক চিত্রনাট্য অনুসরণ করে। ৩৬ বছর বয়সে বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে গেলেন মার্টিন পালের্মো। প্রথম ম্যাচে স্ট্রাইকারদের ব্যর্থতা দ্বিতীয় ম্যাচে ঘুচিয়ে দিলেন গঞ্জালো হিগুয়েইন একাই তিন গোল করে। আক্ষেপ বলতে গেলে ওই একটিই—মেসির গোল না পাওয়া। গোলকিপার কয়েকবার বাঁচিয়েছেন, ৮৫ মিনিটে তাঁর বাঁ পায়ের গোলা গোলবারে ফিরে আসার পর নিশ্চিত হয়ে যায় গোলটা আর পাচ্ছেনই না মেসি। মেসি অবশ্য আগের মতোই অবিচল, আবারও জানালেন গোল আসবে যেকোনো মুহূর্তে, ‘আশা করি দ্বিতীয় রাউন্ডেই গোল পেয়ে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। গোল পেলে অবশ্যই ভালো লাগবে, তবে এটাই সবকিছু নয়। যতক্ষণ দল জিতছে, নিজের গোল নিয়ে আমি চিন্তিত নই।’ গোল না পেয়েই তো হয়েছেন ম্যাচ-সেরা, মেসি এমন খেলতে থাকলে গোল নিয়ে ভাববেই বা কে? এএফপি, ওয়েবসাইট।