তর সইছে না বাকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি সাত খেলোয়াড়। ৫ আগস্ট শুরু বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণকারী বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদন। শ্যুটার আবদুল্লাহ হেল বাকিকে নিয়ে আজকের পর্ব—

অনুশীলনে মগ্ন আবদুল্লাহ হেল বাকি l প্রথম আলো
অনুশীলনে মগ্ন আবদুল্লাহ হেল বাকি l প্রথম আলো

ঘুমের মধ্যে প্রায়ই স্বপ্নটা দেখেন আবদুল্লাহ হেল বাকি। শ্যুটিং রেঞ্জে দাঁড়িয়ে তিনি, রাইফেলের ট্রিগার টিপে ‘পারফেক্ট টেন’ মারছেন! কোন গেমস তা ঠিক বুঝতে পারেন না, তবে যা চেয়েছেন স্বপ্নে সেটাই হয়েছে। বাস্তবেও যদি এমনটা হতো!
গুলশান শ্যুটিং কমপ্লেক্সের ১০ মিটার এয়ার রাইফেল রেঞ্জে নিয়মিত ৬২৭-২৮ পয়েন্ট স্কোর হচ্ছে বাকির। কিন্তু এই স্কোরই কখনো করতে পারেননি আন্তর্জাতিক গেমসে। ৬২৭ পয়েন্ট স্কোর করতে পারলে অনায়াসেই যেকোনো গেমসের ফাইনালে উঠতে পারেন। গুয়াহাটিতে গত এসএ গেমসে ৬২১.৫ স্কোর করে তৃতীয় হয়ে শ্যুট অফে ওঠার পর বিস্ময় ও অবিশ্বাসভরে নিজের দুই হাতের দিকে তাকিয়ে ছিলেন অনেকক্ষণ।
এরপর আরও তিনটি শ্যুটিং বিশ্বকাপে অংশ নিয়েছেন আজারবাইজান, ব্রাজিল ও জার্মানিতে। আন্তর্জাতিক গেমসে ক্যারিয়ার-সেরা ৬২৪.৮ স্কোর করেছেন গত মে মাসে মিউনিখে সর্বশেষ শ্যুটিং বিশ্বকাপে। অলিম্পিকে এই স্কোর টপকে যাওয়াটাকেই লক্ষ্য ঠিক করেছেন বাকি। বাংলাদেশের সাত অলিম্পিকযাত্রীর অন্যতম বাকিই রওনা দিচ্ছেন সবার আগে। ৩১ জুলাই উড়াল দেবেন রিওর উদ্দেশে।
হতে চেয়েছিলেন ফুটবলার। বাবা শাজাহান প্রধান একসময় নিয়মিত ফুটবল খেলতেন। বাবার উৎসাহেই ১৯৯৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। ফুটবলেই ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পেলেন জিমন্যাস্টিকসে। বছর তিনেক পমেল হর্স, প্যারালাল বার, ভল্ট নিয়ে ব্যস্ত থাকলেন। কিন্তু জিমন্যাস্টিকস সেভাবে টানছিল না তাঁকে।
বিকেএসপিতে শ্যুটিং যোগ হলো ২০০০ সালে। জিমন্যাস্টিকস ছেড়ে শ্যুটিংয়ে চলে গেলেন বাকি। কিন্তু অস্ত্র আর গোলাগুলির খেলাতেও খুব একটা মজা পাচ্ছিলেন না। দুই বছর পরের একটা ঘটনায় যা বদলে গেল।
২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন বিকেএসপিরই শ্যুটার আসিফ হোসেন খান। চারদিকে তখন আসিফকে নিয়ে হইচই। এসব দেখে শ্যুটিংয়ের প্রতি ভালোবাসা বেড়ে যায় বাকির, ‘আগে শ্যুটিং তেমন টানত না। কিন্তু আসিফ ভাই সোনা জেতার পর মনে হলো শ্যুটিংয়ে ভালো কিছু করা সম্ভব। এরপর থেকে আগ্রহ নিয়ে অনুশীলন শুরু করি।’
অলিম্পিকের স্বপ্নও নাকি তখন থেকেই দেখতে শুরু করেন, ‘অলিম্পিয়ান হওয়ার ইচ্ছা সব খেলোয়াড়ের আছে। শ্যুটিংয়ে অংশ নেওয়ার পর থেকেই জানার চেষ্টা করতাম এর সর্বোচ্চ পর্যায়ের গেমস কোনটি। এরপর আসিফ ভাইয়ের অনুপ্রেরণায় অলিম্পিক নিয়ে স্বপ্ন দেখতে থাকি।’ টেলিভিশনে প্রথম দেখা ২০০৪ গ্রিস অলিম্পিকের শ্যুটিং ইভেন্টগুলো এখনো স্মৃতিতে তরতাজা বাকির।
বিকেএসপিতে প্রায় আট বছর শ্যুটিংয়ে থাকলেন। কিন্তু ঘরোয়া কোনো টুর্নামেন্টেই অংশ নেননি। বাকির প্রতিযোগিতামূলক শ্যুটিংয়ে অভিষেক হলো সরাসরি আন্তর্জাতিক প্রতিযোগিতায়! ২০০৮ ইসলামাবাদ সাফ শ্যুটিংয়ের আগে ট্রায়ালে ভালো করে সুযোগ পেলেন বাংলাদেশ দলে। সেই প্রতিযোগিতায় জিতলেন দলগত রুপা। রুপা পরের বছর জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও। এরপর টানা চার বছর সোনা জিতলেন ১০ মিটার এয়ার রাইফেলে। এয়ার রাইফেলে ‘আসিফ যুগ’-এর পর শুরু হলো ‘বাকি যুগ’। তবে বাকিকে বাংলাদেশ চিনল ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে। এখানেও আসিফের সঙ্গে মিল। তবে আসিফ জিতেছিলেন সোনা। হারিয়েছিলেন ভারতের অভিনব বিন্দ্রাকে। বাকি রুপা জিতলেন বিন্দ্রার কাছে হার মেনেই। এতে বাকির অবশ্য আফসোস আছে, ‘যে স্কোরে (২০২.১) রুপা জিতেছি, এটাকে মোটেও ভালো বলা যাবে না।’
গত এপ্রিলে ব্রাজিলে গিয়েছিলেন শ্যুটিং বিশ্বকাপে অংশ নিতে। অলিম্পিকে দেওদোরোর যে রেঞ্জে দাঁড়াবেন, সেটিও তাঁর খুব চেনা। এটাকে বড় একটা সুবিধা বলেই মনে হচ্ছে বাকির, ‘ওই রেঞ্জের আশপাশের এলাকা, যেখানে শ্যুটিং হবে, সব জায়গার ভিডিও করে এনেছি। প্রতিদিন এই ভিডিও একবার করে দেখি। যে স্কোর ঢাকায় মারছি, সেটা বাইরে মারতে পারি না। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোটা জরুরি আমার জন্য। এবার হয়তো ওটাকেই নিজের রেঞ্জ বলে ভাবতে পারব।’
শ্যুটিংয়ে মোহগ্রস্ত বাকি এই মুহূর্তে রিওর রোমাঞ্চে মগ্ন, ‘শ্যুটিং এখন আমার নেশার মতো হয়ে গেছে। শ্যুটিংই ধ্যানজ্ঞান। রিওর রেঞ্জে দাঁড়াতে আমার আর তর সইছে না।’

আবদুল্লাহ হেল বাকি
আবদুল্লাহ হেল বাকি

আবদুল্লাহ হেল বাকি
শ্যুটার
জন্ম
১ আগস্ট, ১৯৮৯
জন্মস্থান
গাজীপুর
সংস্থা
বাংলাদেশ নৌবাহিনী
ইভেন্ট
১০ মিটার এয়ার রাইফেল
ঘরোয়া সাফল্য
২২টি পদক (১১ সোনা, ১১ রুপা, ব্রোঞ্জ নেই)
আন্তর্জাতিক সাফল্য
১২টি পদক (১ সোনা, ৯ রুপা, ২ ব্রোঞ্জ)
সেরা স্কোর
৬২৪.৮ পয়েন্ট