তর সইছে না ব্রাজিলের
আটটি ম্যাচ হয়ে গেছে এরই মধ্যে। আজ হবে আরও তিনটি ম্যাচ। এগার দু গুণে বাইশটি দল এরই মধ্যে পেয়ে যাবে ২০১০ বিশ্বকাপে প্রথম ম্যাচের স্বাদ। কিন্তু এখনো যে নামেনি ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের কি তর সইছে না? জেনে আনন্দিত হবেন, তর আসলে সইছে না ব্রাজিলিয়ান ফুটবলারদেরও!আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় জোহানেসবার্গে উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন। বিশ্বকাপের পঞ্চম দিনের শেষ ম্যাচ। অথচ দক্ষিণ আফ্রিকায় শুরুর দিকে পা রাখা দলগুলোর একটি ছিল ব্রাজিল। দলের খেলোয়াড়দের মনের অবস্থাটা জানিয়ে ডিফেন্ডার মিশেল বাস্তোস পরশুই বলেছেন, তাঁরা মাঠে নামার জন্য তৈরি, ‘আমরা প্রস্তুত। ম্যাচটা যদি আজকালের মধ্যে হতো, তার পরও আমরা মাঠে নেমে যেতে পারতাম। এর জন্য আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি।’প্রথম ম্যাচের আগে সবগুলো দলই একটা স্নায়ুচাপে ভোগে। বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। আর্জেন্টিনাকেও নাইজেরিয়া ম্যাচ শুরুর দিকে একটু নড়বড়েই দেখাচ্ছিল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপ মেলো কোনো রাখঢাক না রেখেই জানালেন, ‘দলের মধ্যে ভীষণ উদ্বেগ কাজ করছে। আমাদের স্বীকার করতেই হবে আমরা উদ্বিগ্ন। এবং এটা দিনকে দিন বেড়েই চলেছে। ইস, যদি মাঠে নেমে যেতে পারতাম!’তবে মাঠে নামার অপেক্ষার ফাঁকে খুঁটিনাটি বিষয়েও গুছিয়ে নিচ্ছে ব্রাজিল। ‘দল প্রস্তুত, তবে এখনো যেহেতু হাতে সময় আছে, আমরা যেসব বিষয় ঠিকঠাক করে নেওয়া দরকার, সেটিই এখন করব’—বলেছেন বাস্তোস। কিন্তু কীভাবে সময় কাটছে তাঁদের? বাস্তোসের উত্তর, ‘সময় কাটানোর জন্য যা যা করা দরকার সবকিছুই করছি। এখন অন্তত বেশ কিছু ম্যাচ দেখতে পারছি। এটা কাজে দিচ্ছে।’দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকেই সংবাদমাধ্যমকে প্রায় এড়িয়ে চলছেন কার্লোস দুঙ্গা। এ তাঁর চার বছরের সাধনা। বিশ্বব্যাপী মিডিয়ার অতি আগ্রহের জাঁতাকলে ভেস্তে যেন না যায় সব। তাই খুব কমই সংবাদ সম্মেলনে দর্শন দিচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। মজার ব্যাপার হলো, উত্তর কোরিয়াও এই জায়গাতে ব্রাজিলের অনুসারী। দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকে মাত্র একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন তারা করেছে। সেটিও সবার শেষে, হয়তো ফিফা চাপটাপ দিয়েছিল বলেই।সমাজতান্ত্রিক দেশটি এমনিতেই রহস্যময়তার অবগুণ্ঠনের আড়ালে ঢেকে রাখে নিজেদের। খুব একটা তথ্য জানা যায় না তাদের ব্যাপারে। মেলো স্বীকার করে নিলেন, প্রথম ম্যাচের প্রতিপক্ষদের ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা নেই তাঁদের, ‘ওদের সম্পর্কে কিছু বের করা তো দুঃসাধ্য। তবে আমি নিশ্চিত, দলের কোচরা ওদের সম্পর্কে ভিডিও ফুটেজ-টুটেজ এরই মধ্যে বানিয়ে রেখেছেন।’বাড়তি এই সময়টুকু পাওয়ায় সবচেয়ে বেশি উপকার হয়েছে, দলের প্রাণভোমরা কাকা চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পেরেছেন। ‘প্রতিদিনই আমার অবস্থার উন্নতি হচ্ছে। চোট এখন আর কোনো সমস্যাই নয়। আমাদের প্রথম ম্যাচের আগে আমি পুরো প্রস্তুত থাকব’—জানিয়েছেন কাকা। এএফপি, ওয়েবসাইট।