তর সইছে না যুবরাজের!
ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়াইয়ে জিতে সত্যিকারের ক্রীড়াবিদের মতোই মাঠে ফিরছেন তিনি। এর পেছনে রয়েছে যুবরাজের মানসিক দৃঢ়তা ও কঠোর পরিশ্রম। তবে অনেকেই বলছেন, ব্যাপারটি যতটা না বাস্তবসম্মত, তার চেয়ে অনেক বেশি আবেগি। এটি শুনেছেন যুবরাজ নিজেও। কিন্তু সংশয়বাদীদের বক্তব্য খণ্ডন করে এই ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘মাঠে ফিরতে আমি কী রকম পরিশ্রম করেছি, সেটা যারা নিজের চোখে দেখেনি, তারাই এসব বলছে। ফিটনেসের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি আমি প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে নিজের শরীর সুস্থ রেখেছি। ওষুধ সেবন করেছি মানসিক মনোযোগের জন্যও।’ যুবরাজ বলেন, ‘ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও ক্রিকেটে ফেরাটা আমার জন্য অবিস্মরণীয় এক ঘটনা। একে আমার নতুন জীবন হিসেবেও অভিহিত করতে পারেন। ফেরার দিনটি এগিয়ে আসছে; আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না।’ ৮ সেপ্টেম্বর বিশাখাপত্তমে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যুবরাজের মাঠে ফেরাটা চূড়ান্তই হয়ে আছে।তিনি বলেন, ‘আমি আমার ফেরার দিনটি সামনে রেখে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে ক্ষণগণনা করছি। এটি অনেকটা একটি শিশুর বড়দিনের উপহারের প্যাকেট খোলার ক্ষণটির মতো।’গত বিশ্বকাপে নিজে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে যুবরাজ ভারতের বিশ্বজয়ে রেখেছিলেন অনন্য অবদান। দীর্ঘ বিরতি ও অসুস্থতা শেষে মাঠে ফেরার ক্ষণটি তাঁর জন্য কেমন হবে—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনেই। যুবরাজও এ নিয়ে আছেন খানিকটা সংশয়ে। বলেছেন, ‘আমি জানি না, আমার পারফরম্যান্স কেমন হবে। আমি এক রান করব, না বিশ রান করব, নাকি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরব! আমি জানি না, আমি বল হাতে উইকেট পাব কি না; কিংবা কোনো ক্যাচ নিয়ে প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানকে ফেরাতে পারব কি না।’ যুবরাজ বলেন, ‘এই ম্যাচে আমার ফেরাটাই অনেক কিছু। এই কিছুদিন আগেও আমি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারতাম না। আর এখন আমি ভারতীয় দলে ফিরেছি ক্রিকেট খেলতে! আমি সত্যিই দারুণ কৃতজ্ঞ আমার পরিবার, বন্ধুবান্ধব—সবার প্রতি। সবার সহযোগিতায় এই অসম্ভবকে আমি সম্ভব করতে পেরেছি।’ টাইমস অব ইন্ডিয়া।