তর সইছে না সুয়ারেজের
দেশকে কোপা আমেরিকার রেকর্ড ১৫তম শিরোপা জেতাতে অনেক খাটাখাটুনি গেছে। এখন চাই পূর্ণ বিশ্রাম। তাঁর ক্লাব পর্যাপ্ত ছুটি মঞ্জুরও করেছে। কিন্তু লিভারপুলের হয়ে মাঠে নামতে তর সইছে না লুইস সুয়ারেজের। তাই মৌসুমের শুরু থেকেই লিভারপুলের হয়ে খেলতে ছুটি কাটছাঁট করার পরিকল্পনা করছেন কোপার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়।লিভারপুল ছুটি নিশ্চিত করেছে ঠিক। কিন্তু পাশাপাশি লিগ শুরুর সপ্তাহ তিনেক আগে এই আলোচনাও হচ্ছে, কতগুলো ম্যাচে থাকতে পারবেন না সুয়ারেজ। এই উরুগুইয়ান স্ট্রাইকার হাতছাড়া করতে চান না একটি ম্যাচও। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ১৩ আগস্ট থেকে। ওই দিনই সান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলের ম্যাচ। পরের সপ্তাহেই আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। টেলিগ্রাফ-এর খবর, দুটো ম্যাচেই কোচ কেনি ডালগ্লিশের দলে নিজেকে নিশ্চিত করার পরিকল্পনা করছেন সুয়ারেজ।লিভারপুল কোচ অবশ্য তাড়াহুড়ো করে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। স্বল্প মেয়াদের সাফল্যের চেয়ে দীর্ঘ মেয়াদে সুস্থ সুয়ারেজকেই চাই তাঁর। পুরো সতেজ হয়ে ফিরতে কত দিন ছুটি লাগবে, এটা নিশ্চিত করতে ক্লাব চিকিৎসককে সঙ্গে নিয়ে সরাসরি সুয়ারেজের সঙ্গেই পরামর্শ করবেন ডালগ্লিশ।অবশ্য সুয়ারেজেরও একটা ব্যস্ততা আছে। আগামী ৫ আগস্ট তাঁর মেয়ে ডেলফিনার প্রথম জন্মদিন। তাঁর এক আত্মীয় জানিয়েছেন, ইংল্যান্ডে কবে নাগাদ ফিরতে হবে, এটা নিশ্চিত হলেই সুয়ারেজ অনুষ্ঠানের আয়োজন করবেন। আয়াক্সের সাবেক স্ট্রাইকার সুয়ারেজ লিভারপুলে যোগ দিয়েছেন গত জানুয়ারিতে। আগামী মৌসুমে সুয়ারেজ আক্রমণভাবে ভয়ংকর হয়ে উঠবেন বলেই লিভারপুলের আশা। ওয়েবসাইট।