তরুণ অধিনায়ক চান ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান খানের বিদায়ের পর থেকেই অধিনায়কত্ব পাকিস্তান ক্রিকেটের একটা মস্ত বড় সমস্যা। অধিনায়কের পদটা যেন মিউজিক্যাল চেয়ার। আজ একজন তো কালই ওই আসনে বসেন আরেকজন। কোচ ওয়াকার ইউনুস বুঝতে পারছেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে অধিনায়কত্বের মিউজিক্যাল চেয়ার খেলাটা বন্ধ করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাই ওয়াকারের আবেদন, অধিনায়ক হিসেবে তরুণ একজনকে গড়ে তুলতে হবে, যাঁকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া যায়। গত বছর ইংল্যান্ড সফরে শহীদ আফ্রিদি আকস্মিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে অধিনায়কত্ব সমস্যাটা আরও প্রকট হয়েছে। আফ্রিদির পর তড়িঘড়ি করে টেস্ট অধিনায়ক করা হয় সালমান বাটকে, যিনি স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে এখন নিষিদ্ধ। পরে পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব চেপেছে মিসবাহ-উল হকের কাঁধে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর কোচ ওয়াকারের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে দাঁড়ালে তিন ঘরানার ক্রিকেটেরই অধিনায়কত্ব দেওয়া হয় মিসবাহকে। আগামী মাসে জিম্বাবুয়ে সফরে তিন ঘরানার ক্রিকেটেই দলকে নেতৃত্ব দেবেন মিসবাহ। মিসবাহর অধিনায়কত্বে পাকিস্তান কোচ সন্তুষ্টই। কিন্তু সমস্যা হলো, মিসবাহর বয়স হয়ে গেছে ৩৭। আর কদিনই বা আন্তর্জাতিক ক্রিকেটে চালিয়ে যেতে পারবেন! ওয়াকার তাই বলছেন, ‘৩৬-৩৭ বছর বয়সটা খুব তরুণের নয়। সে (মিসবাহ) খুবই ফিট এবং অধিনায়ক হিসেবে দারুণ করেছে। কিন্তু বয়স তো বাড়ছে। কাজেই আমাদের দরকার একজন তরুণ অধিনায়ককে গড়ে তোলা।’সভাপতি ইজাজ বাটের নেতৃত্বাধীন এই বোর্ডের অধীনে আর খেলবেন না শহীদ আফ্রিদি। জিম্বাবুয়ে সফরটা মিস করবেন আফ্রিদি, আবার পাকিস্তান দলও তাঁর অভাব অনুভব করবে। ওয়াকারও মানছেন তা, ‘বিদায় নেওয়া প্রত্যেক ক্রিকেটারেরই অভাব অনুভূত হয়। ইমরান খান, ওয়াসিম আকরাম এমনকি আমার নিজের ক্ষেত্রেও সেটা হয়েছে। এবং আফ্রিদির অভাবটাও বোঝা যাবে। কিন্তু জায়গা নেওয়ার জন্য অন্য তরুণেরা তো আছে।’নড়বড়ে পাকিস্তান দলটিতে বড় সমস্যা ব্যাটিং নিয়ে। বিশেষ করে টপ-অর্ডার অর্থাৎ ওপেনিং সমস্যাটা দূর হচ্ছেই না। তরুণদের সাহায্য করার জন্য জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছেন ওয়াকার, ‘সে সাহায্য করলে সেটা হবে দারুণ। কারণ পাকিস্তানের ক্রিকেটকে আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। ওপেনিং আমাদের পুরোনো সমস্যা। আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ এএফপি।