তরুণ আর বুড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে টেস্ট অভিষেক, ১৬ বছর বয়সী ‘বিস্ময়বালক’ তখন ছিলেন দলের কনিষ্ঠতম সদস্য। ১০ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টটা যখন খেললেন, শচীন টেন্ডুলকার তখনো দলের কনিষ্ঠতম ক্রিকেটার! সব মিলিয়ে দলের সবচেয়ে কম বয়সী হিসেবে ৪৮টি টেস্ট খেলেছেন টেন্ডুলকার, যেটি লিটল মাস্টারের অগুণতি রেকর্ডের আরেকটি। দলের সর্বকনিষ্ঠ হিসেবে টেন্ডুলকারের চেয়ে বেশি টেস্ট খেলেননি আর কেউ। এই রেকর্ডে অবশ্য তাঁর নিজের হাত ছিল না। কিন্তু অলক্ষ্যেও কত রেকর্ড হয়ে গেছে তাঁর! সর্বকনিষ্ঠ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি খেলেছেন ৪৩ টেস্ট, ৪০টি করে ব্রেট লি ও স্টিভ ওয়াহ। সিনিয়র ওয়াহ আবার দলের সবচেয়ে বেশি বয়সী হিসেবে খেলেছেন ৪৩ টেস্ট। এই রেকর্ডে অবশ্য অনেক নিচে স্টিভ, সবচেয়ে বেশি বয়সী হিসেবে সর্বোচ্চ টেস্ট খেলে ‘বুড়োদের নেতা’ অ্যালেক স্টুয়ার্ট। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ক্যারিয়ারের ১৩৩ টেস্টের ৮৫টিতেই ছিলেন দলের বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠদের চারজন আবার অনন্য আরেকটা কারণে। অস্ট্রেলিয়ার কলিন মিলার (১৮), শ্রীলঙ্কার সোমাচন্দ্র ডি সিলভা (১২), অস্ট্রেলিয়ার বব হল্যান্ড (১১) ও বাংলাদেশের এনামুল হক (১০) ক্যারিয়ারের সব টেস্ট খেলেছেন সবচেয়ে বেশি বয়সী হিসেবে!