তরুণ গলফারদের জন্য সুখবর
সিদ্দিকুর রহমানের কল্যাণে বাংলাদেশের গলফে যে একটা জোয়ার এসেছে, সে কথা নতুন করে বলার কিছু নেই। এই জোয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশেই ‘এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর’ আয়োজন। এশিয়ান ট্যুর অনুমোদিত ‘গ্রামীণফোন মাস্টার্স’ নামের এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হলো গতকালকের এক সংবাদ সম্মেলনে। গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) কাজী মনিরুল কবির, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক মির্জা বাকের সরওয়ার আহমেদসহ গলফ কর্মকর্তারা স্থানীয় এক হোটেলে কথা বলেছেন এই টুর্নামেন্ট নিয়ে।আগামী বছর ২৬ থেকে ২৯ জানুয়ারি কুর্মিটোলা গলফ কোর্সে হতে যাচ্ছে ৭৫ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্যের এই টুর্নামেন্ট। এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ কয়েক বছর আগেই এই অঞ্চলের উঠতি খেলোয়াড়দের জন্য ‘ডেভেলপমেন্ট ট্যুর’ আয়োজন শুরু করে। নিয়মানুযায়ী বাংলাদেশে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টেও মূল ট্যুরের কমপক্ষে ৪০ জন খেলোয়াড় অংশ নেবেন। স্বাগতিক হিসেবে বাংলাদেশের ৩০ জন পেশাদার গলফার সরাসরি খেলার সুযোগ পাবেন। ১৫০ জন খেলোয়াড়ের অন্যরা এশিয়ার উঠতি খেলোয়াড়।টুর্নামেন্টে বিপুল পুরস্কারের হাতছানি যেমন আছে, উঠতিদের জন্য থাকছে আরও প্রণোদনা। টুর্নামেন্টের সেরা তিন খেলোয়াড় পরের বছর এশিয়ান ট্যুরে সরাসরি খেলার সুযোগ পাবেন।