তরুণ পেসারদের দেখে মুগ্ধ জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরির কবলে পড়েছিলেন জহির খান। এরপর থেকে মাঠের বাইরেই কাটাতে হচ্ছে ভারতের অন্যতম প্রধান এই পেসারকে। তাঁর অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণও খানিকটা ধারহীন হয়ে পড়েছিল। তবে সম্প্রতি দুই তরুণ পেসার বরুণ অরুণ ও উমেশ যাদব আশার আলো জাগিয়েছেন ভারতীয় শিবিরে। এই দুই তরুণের পারফরমেন্সে মুগ্ধতা প্রকাশ করেছেন জহির খান। তাঁদের আবির্ভাব ভারতীয় ক্রিকেটে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাঁ-হাতি এই পেসার।ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে উমেশ যাদবের পারফরমেন্স অনেকেরই নজর কেড়েছে। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও এই ভালো পারফরমেন্স অব্যাহত রেখেছেন ২৪ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার। অন্যদিকে বরুণ অরুণও ভারতীয় বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করার সম্ভাবনা জাগিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাতে। তাঁদের প্রশংসা করে সম্প্রতি জহির বলেছেন, ‘এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক। আমি উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলাটা দেখছিলাম। আর সেখানে উমেশের বোলিং দেখে খুবই ভালো লেগেছে। উমেশ ও বরুণ দুজনের বলেই অনেক গতি আছে।’তবে নিজে ইনজুরি কাটিয়ে আবার কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেননি জহির খান। তবে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরেই দলে ফেরার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘আমি কখনোই কোন অস্ট্রেলিয়া সফরে পুরো সময় কাটাতে পারিনি। কাজেই এবার আমি এই সফরটাতে ভালো করতে চাই।’ ইএসপিএন।