তরুণ প্রজন্মের শ্যুটিং-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছে পরিশ্রম কম। কারও মতে, এর চেয়ে শান্তির খেলা আর হয় না! আহত হওয়ার ভয় নেই। এক জায়গায় দাঁড়িয়ে খেলার সুযোগ। তা ছাড়া ফুটবল, ক্রিকেটে ‘বড়’ হতে সময় লাগে। কিন্তু এই খেলায় তারকাখ্যাতি পাওয়া যায় তাড়াতাড়ি। জনপ্রিয় খেলা না হলেও শ্যুটিং সম্পর্কে আজকের প্রজন্মের মনোভাব এমনই।গুলশান জাতীয় শ্যুটিং রেঞ্জে সপ্তাহব্যাপী শ্যুটিং প্রশিক্ষণ নিতে এসেছে সারা দেশের ১০৫ জন কিশোর-কিশোরী। আজ শেষ দিন। কাল গুলশান শ্যুটিং কমপ্লেক্সে গিয়ে সেখানে বিদায়ের সুর শোনা গেল। সবারই মন খারাপ। কটা দিন একসঙ্গে কাটিয়ে ফিরে যেতে হবে নিজ ঠিকানায়। কিন্তু কী নিয়ে ফিরছে এই শিক্ষার্থীরা? কেন-ই বা এত খেলা থাকতে শ্যুটিংয়ে আসা?নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের এসএসসি পরীক্ষার্থী খাদিজা শাহজাহান বলল, ‘শ্যুটিংয়ে পরিশ্রম কম। গুলি করার ব্যাপারটা খুব মজা লাগে। তাই খেলাটা পছন্দ করে ফেলেছি।’ পটিয়া রাইফেল ক্লাবের তামান্না সুলতানার কথা, ‘শ্যুটিংয়ে তেমন কোনো কষ্ট নেই।’অষ্টম শ্রেণীতে উঠতে যাওয়া সাতক্ষীরার মেয়ে আতকিয়া হাসান (দিশা) তুলে আনল অন্য একটা দিক, ‘নড়াইলে রোদের মধ্যে ক্রিকেট খেলেছি। ফুটবলও রোদে খেলা হয়। কিন্তু শ্যুটিং ঘরের মধ্যের খেলা। শান্ত, নিবিড় পরিবেশ...।’ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী নুসরাত জাহানের (মিম) মনে হয়েছে, ‘শ্যুটিং করলে মস্তিষ্ক খুব শার্প হয়। এই খেলায় দৌড়াদৌড়ি নেই। এক জায়গায় দাঁড়িয়ে খেলা যায়। আম্মু আগে বলতেন, শ্যুটিং আবার কেমন খেলা! কিন্তু পরে যখন দেখেছেন আমি ভালো করছি, এখন বলছেন...এটা কর।’একই ক্লাবের সাদিয়া ইসলাম বলল, ‘এটা ৭০ ভাগ মানসিক খেলা। মনোযোগ দিলে খুব ভালো করা সম্ভব। রত্না-সাদিয়া আপুর মতো হতে চাই আমি। তার জন্যই এই খেলায় এসেছি।’ খুলনার সাকিবের কথা, ‘শ্যুটিংয়ে বয়স কোনো ব্যাপার নয়। অন্য খেলার চেয়ে এখানেই বড় পার্থক্য। এটা ধৈর্যের খেলা, অনেক মজারও। মনে হয়, পরিচ্ছন্ন একটা খেলা খেলছি।’ সতীর্থ আল মাহমুদের কথা, ‘ক্রিকেট, ফুটবলে আম্পায়ার-রেফারি ভুল সিদ্ধান্ত দেয়। শ্যুটিংয়ে এটা হওয়ার সুযোগ নেই।’যশোরের বায়েজিদ ইসলামের সংযোজন, ‘শ্যুটিংয়ে দ্রুত ভালো করা যায়। অন্য খেলায় তা সম্ভব নয়। কুষ্টিয়ার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের কবিরুল ইসলাম কিংবা পটিয়ার ইফতেখারদের মুখে একটাই কথা, ‘দেশের জন্য সোনা জিততে চাই। শ্যুটিংয়ের মাধ্যমেই এটা সম্ভব।’উচ্চমাধ্যমিকে পা রাখা ঝিনাইদহের মেহেদি হাসান বলল, ‘মন দিয়ে কয়েক দিন শ্যুটিং করলে এটার প্রেমে পড়তেই হবে। গুলি, টার্গেট পেপার...এই বিষয়গুলো এখানে এসে ভালোভাবে দেখে শিখলাম।’ ময়মনসিংহের রাহাতের ভাবনাটা এমন, ‘অনেকেই মনে করে এটা কি সিনেমার শ্যুটিং? আমাদের পক্ষে ফুলটাইম খেলা সম্ভব নয়। কিছু সময় খেললে সেটা হতে পারে শ্যুটিংই।’শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ এই ছেলেমেয়েদের পাশে বসে সব শুনলেন। তিনি এই কর্মসূচির ধারাবাহিকতা রাখার প্রতিশ্রুতি দিলেন। ধারাবাহিকতা রাখাই আসল। নইলে উৎসাহী এমন একটি প্রজন্মকেও হারিয়ে ফেলার আশঙ্কা থাকবে।