তরুণ প্রতিভা নিয়ে এগোতে চায় শ্যুটিং
গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে যেন মেলা বসেছে তারুণ্যের। প্রতিভা অন্বেষণের মাধ্যমে সারা দেশ ১০৫ জন তরুণকে বেছে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে শ্যুটিং ফেডারেশন। কাল ফেডারেশনে গিয়ে দেখা গেল, ১০ মিটার এয়ার রাইফেল রেঞ্জে নিবিড় অনুশীলন চলছে। গাদাগাদি করে রেঞ্জেই নবীনদের রেখেছে ফেডারেশন।সিনিয়রদের সঙ্গে এই নবীনদের নিয়ে আইএফআইসি ব্যাংক চতুর্থ জাতীয় এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ শুরু করা হচ্ছে আজ। আন্তর্জাতিক অঙ্গনে ১০ মিটার এয়ার রাইফেলেই যা একটু ভালো করার সম্ভাবনা আছে, তাই এই প্রতিযোগিতায় ১০ মিটারের ওপরই বেশি দৃষ্টি ফেডারেশনের। গত বছর ১২০টি এয়ার রাইফেল কিনে ক্লাবগুলোকে দেওয়া হয়েছিল। নবীন শ্যুটারদের পারফরম্যান্সে তারই ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।কাল শ্যুটিং ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৪৪টি ক্লাবের সাড়ে তিন শ শ্যুটার অংশ নিচ্ছেন তিন দিনের প্রতিযোগিতায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শ্যুটিংয়ে দেখছেন নতুন দিন, ‘তরুণদের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি তরুণ প্রতিভা কর্মসূচিতে। আশা করি, ভবিষ্যতে এর ফল আমরা পাব।’আন্তর্জাতিক সোনাজয়ী সাবেক শ্যুটার আতিকুর রহমানের চোখে উজ্জ্বল ভবিষ্যৎ বেশ দূরেই, ‘অন্তত ৪-৫ বছর নিবিড়ভাবে নবীনদের পরিচর্যা করতে হবে। তবেই হয়তো একসময় সাফল্য পাওয়া যাবে।’সিনিয়রদের স্কোর ওঠানামা করছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁরা ভালো করতে পারছেন না সম্প্রতি। আগামী বছর লন্ডন অলিম্পিকে অংশগ্রহণের সরাসরি সুযোগ এখনো পাওয়া যায়নি। সামনের ১১-২২ জানুয়ারি দোহা এশিয়ান শ্যুটিং শেষ সুযোগ। অলিম্পিকের প্রতিটি ইভেন্টেই ২৯ জন সরাসরি যোগ্যতা অর্জন করে। বিভিন্ন দেশের ২৭ জন এরই মধ্যে যোগ্যতা অর্জন করেছেন। বাংলাদেশ তাই তাকিয়ে দোহার দিকেই। সরাসরি সুযোগ না মিললে শেষ ভরসা ওয়াইল্ড কার্ড নিয়ে একজন যেতে পারবেন অলিম্পিকে।কিন্তু শ্যুটিং ফেডারেশন আর্থিক সংকট চলছে অনেক দিন ধরে। দোহাগামী ৯ সদস্যের দলের মাত্র ৪ জনের যাওয়ার টাকা দেবে ফেডারেশন। বাকি শ্যুটারদের টাকা দেবে নিজ নিজ ক্লাব। আদালতে মামলার নিষ্পত্তি না হওয়ায় অডিটরিয়াম ভাড়া দিয়ে আয়ের পথ রুদ্ধ হয়ে পড়েছে। তাই নানাভাবে বাধাগ্রস্ত ফেডারেশনের শ্যুটিং কার্যক্রম।এই পরিস্থিতিতে শ্যুটিং ফেডারেশনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আইএফআইসি ব্যাংকের হেড অব করপোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং আসাদুজ্জামান।