তরুণদের ওপর অনেক আস্থা ফ্লেচারের
ডানকান ফ্লেচারের সঙ্গে ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের যথেষ্ট মিল রয়েছে। ফ্লেচারও কারস্টেনের মতো গণমাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন, খেলোয়াড়দের দূর থেকে দেখেন, প্রয়োজন হলেই পরামর্শ দেন, চুপচাপ খেলোয়াড়েদের ডেকে ভুল শুধরে দেন। মোটকথা, মৌনী অবস্থায় যথাসম্ভব পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে পছন্দ করেন তিনি।আজ শনিবার রাতে (বাংলাদেশ সময়) সুদূর ক্যারিবিয়াতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজ লড়াই শুরু করবে ভারত। ভারতের কোচ হওয়ার পর এটি ফ্লেচারের প্রথম অ্যাসাইনমেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সফররত এবারের ভারতীয় দলটিতে নেই অনেক তারকার উপস্থিতি। ইনজুরি ও নানা ধরনের ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজে আসেননি টেন্ডুলকার, ধোনি, যুবরাজ, শেবাগ ও গম্ভীরের মতো খেলোয়াড়েরা। তবে যাদের নিয়ে ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজ এসেছেন, তাদের ওপর তাঁর আস্থা কিন্তু নেহাতই কম নয়। ‘আমার রায়না, কোহলি, বদ্রিনাথ, অশ্বিনের মতো তরুণ প্রতিভাদের ওপর অনেক আস্থা রয়েছে।’ পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামার প্রাক্কালে এমন কথাই বলেছেন ফ্লেচার।’ফ্লেচার আরও বলেছেন, তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করতে উত্সাহী হয়েছেন ভারতে প্রতিভাবান খেলোয়াড়দের আধিক্য দেখে। ‘আমি প্রথম যখন ভারতে এসেছিলাম, তখনই এ দেশটিতে তরুণ ক্রিকেটীয় প্রতিভার আধিক্য দেখে মুগ্ধ হয়েছিলাম। বলতে পারেন, তরুণ প্রতিভাবানদের নিয়ে কাজ করতে পারব—এমন আশা নিয়েই আমি ভারতের কোচের দায়িত্ব হাতে তুলে নিয়েছি।’ ফ্লেচারের মন্তব্য।ফ্লেচার ভারতে এসেই বুঝে গেছেন সেখানকার ক্রিকেটটা আসলে কী? সবাই ভারতের সাফল্য চায়। সাফল্য না পেলে তিনি যে সবার চক্ষুশূল হয়ে উঠবেন—সেটা নিয়ে মানসিক প্রস্তুতিও রয়েছে তাঁর। তাই কথাবার্তা কম বলে নিজের কাজেই অধিক মনোনিবেশ করতে চান তিনি। তাঁর সামনে সবচেয়ে বড় সমস্যা গ্যারি কারস্টেনের সাফল্য। গ্যারি ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন। তাঁকে তো অন্তত কাছাকাছি যেতে হবে!দেখা যাক, ফ্লেচার প্রত্যাশা পূরণ করতে পারেন কি না!