তরুণদের ভরসায় রাজশাহী দল
সর্বশেষ দুবারের জাতীয় লিগে চার দিনের ম্যাচের চ্যাম্পিয়ন তারা। ফলে রাজশাহীর দলটি কেমন হয়, সে নিয়ে একটা কৌতূহল তো থাকেই। জাতীয় লিগের প্রথম চার দিনের ম্যাচের জন্য খালেদ মাসুদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষনা করল রাজশাহী। জাতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় স্বভাবতই দলে নেই সমসাময়িক তারকা খেলোয়াড়ের ভিড়। জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, সোহ্রাওয়ার্দীরা দলে নেই। অবশ্য রাজশাহী বিভাগীয় দলের প্রাণ বলে পরিচিত খালেদ মাসুদ বললেন, ‘জাতীয় দলের স্কোয়াডে থাকায় তারকা খেলোয়াড়েরা অনেকেই নেই। কিন্তু সেটা খুব বেশি সমস্যা হবে না। আমাদের তরুণ ক্রিকেটারদের এই ঘাটতি পূরণ করার ক্ষমতা আছে।’রাজশাহী দল: খালেদ মাসুদ, আনিসুর রহমান, হামিদুল ইসলাম, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, ফরহাদ রেজা, ধীমান ঘোষ, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহাজাদা, শুভাশিস রায়, আলাউদ্দিন বাবু, সাজিদুল ইসলাম।