তরুণেরাই শক্তি হল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা জয়েই হলো, তবে ঠিক মনের মতো হলো না হল্যান্ডের। সাও পাওলোয় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল ভেঙে গেছে স্বপ্ন। আরও একবার খুব কাছে এসেও অধরা রয়ে গেল বিশ্বকাপ।
আক্ষেপ তো আছেই। তবে সেই আক্ষেপের সঙ্গে আছে গর্বও। বিশ্বকাপ শুরুর আগে ডাচরা সেমিফাইনাল খেলবে এমন বাজি ধরারও মানুষ তো খুব বেশি ছিল না। এই টুর্নামেন্টে অনেককে ভুল প্রমাণ করে তাই সাহস বেড়ে গেছে ডাচদের। তারুণ্যনির্ভর এই দলটা নিয়ে তাই খুবই আশাবাদী ডাচ মিডফিল্ডার ডেলি ব্লাইন্ডও।
পুরো টুর্নামেন্ট ভালো খেলেও শেষ পর্যন্ত পরপর দুটো হারের স্বাদ নিয়ে বিশ্বকাপ শেষ করার শঙ্কা থাকে। এই অজুহাত দেখিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডাচ কোচ লুই ফন গাল। তবে শেষ পর্যন্ত ছাত্ররা তাঁকে দুই ম্যাচ হারের লজ্জায় পড়তে দেননি । উল্টো ডাচদের কাছে ৩-০ গোলে হারের পর সেই লজ্জাটা এখন ব্রাজিলের। হট ফেবারিট না হয়েও শেষ পর্যন্ত তৃতীয় স্থান খুব একটা খারাপ ফল নয় ডাচদের জন্য। ২৩ জনের স্কোয়াডে ১০ জনের বয়সই পঁচিশের কম। আরও অনেক দিন তাই এই তরুণেরা একসঙ্গে খেলতে পারবেন হল্যান্ড দলে। পরের বড় টুর্নামেন্টগুলোতে তারুণ্যনির্ভর এই দলটাই আরও ভালো কিছু করতে পারবে বলে আশাবাদী ব্লাইন্ড, ‘আমাদের দলটা অসাধারণ। কেউ একজন খারাপ খেললে তার অভাব পুষিয়ে দিতে অন্যজন জ্বলে ওঠে।’ দল হিসেবে খেলে বলেই ভবিষ্যতে হল্যান্ডের সাফল্যের অনেক সম্ভাবনা দেখেন ব্লাইন্ড, ‘হার-জিত যাই হোক আমরা ঐক্যবদ্ধ থাকি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ ফিফাডটকম, গোলডটকম।