তর্কের জেরে ফুটবলার খুন!

বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে, আবার তা মিটেও যায়। তাই বলে তর্কের জেরে খুন! ভেনেজুয়েলার ফুটবলার জনি পেরোজোর কপালটা খারাপই বলা যায়। বন্ধুর সঙ্গে স্রেফ তর্কের কারণে খুন হতে হলো তাঁকে। সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সে দেশের এক সরকারি কৌঁসুলি।
২৯ বছর বয়সী পেরোজো ডিসেম্বরে ভেনেজুয়েলার প্রথম বিভাগের ক্লাব জুলিয়া ছেড়ে ফ্রি-এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এর আগে প্রথম বিভাগের দল কারাবোবোর ডিফেন্ডার ছিলেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম জানায়, ঘটনা ঘটেছে লাগুনিলাস শহরের ক্রীড়া কেন্দ্রের এক পানশালার বাইরে। পেরোজোর মৃত্যুর সংবাদে গভীর শোক জানিয়েছে ক্লাব জুলিয়া, ভেনেজুয়েলান ফুটবল ফেডারেশন ও দ্য প্লেয়ার্স ইউনিয়ন।
২০১০ সালে মেক্সিকোর এক নৈশ ক্লাবে সন্ত্রাসীদের ছোড়া বুলেটে মারাত্মক আহত হয়েছিলেন প্যারাগুয়ের খেলোয়াড় সালভাদর কাবানাস। ভাগ্যক্রমে বেঁচে যান কাবানাস। রয়টার্স।