তহবিল সংগ্রহ অভিযানে বিওএ-ফেডারেশন
সরকার জানিয়ে দিয়েছে, টাকা দিতে পারবে না। কিন্তু প্রশিক্ষণ এবং খেলা তো চালাতে হবে। তাই এবার ফেডারেশনগুলোকে নিয়ে তহবিল সংগ্রহ অভিযানে নেমে পড়ল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।২৪টি ফেডারেশনের সাধারণ সম্পাদকদের সঙ্গে কাল সভা করেছে বিওএ। কীভাবে তহবিল সংগ্রহ করে এসএ গেমসের প্রশিক্ষণ এবং বাংলাদেশ গেমস আয়োজন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই সভায়।বিওএর ভবনে সভা শেষে সাধারণ সম্পাদকেরা প্রায় একই সুরে বলেন, ফেডারেশন তো স্পনসর নিয়ে খেলা চালাচ্ছেই। কিন্তু প্রশিক্ষণের জন্য টাকা কেউ দিতে চায় না। এটা বিওএ জানে। জানে বলেই নিজস্ব উদ্যোগে তহবিল সংগ্রহ করতে ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিওএ।বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলছেন, ‘সরকার টাকা দিতে পারবে না জানিয়ে দিয়েছে। এখন বিওএ-ফেডারেশন মিলে একটা পথ বের করতে হবে। বাংলাদেশ গেমসটা এবার আমরা অবশ্যই করতে চাই। যেভাবেই হোক, তহবিল সংগ্রহ করে এটা আমাদের করতেই হবে।’এই সভায় তহবিল সংগ্রহের নানা প্রস্তাব এসেছে। কেউ বলেছেন, এনএসসি টাওয়ারের ভাড়ার টাকা খেলার পেছনে খরচ করা হোক। কারও পরামর্শ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে গাড়ি পার্কিং ভাড়া দেওয়া যেতে পারে। এনএসসির দোকান ভাড়া বাড়িয়ে সেখান থেকে টাকা নেওয়ার প্রস্তাব করেছেন কেউ কেউ। কেউ চান, সরকার থেকে জায়গা নিয়ে মার্কেট নির্মাণ করে তহবিল সংগ্রহ করা যেতে পারে। লটারির প্রস্তাবও এসেছে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন বিওএ এবং ফেডারেশনের কর্মকর্তারা।বাংলাদেশ গেমস সর্বশেষ হয়েছে ২০০২ সালে। দু-চার কোটি টাকা হলেই এই গেমসটা করা যায় বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্যোগ নিলে তহবিল সংগ্রহ অসম্ভব নয় বলছেন কুতুবউদ্দিন আহমেদ, ‘খুব কঠিন কিছু নয়। সবার সহযোগিতা সাপেক্ষে আন্তরিক চেষ্টা করলে বাংলাদেশ গেমস আয়োজন করা সম্ভব। কনসার্ট করে তহবিল গড়ার চিন্তা আছে আমাদের। আমরা চাই, এবার ফেডারেশনগুলোর জাতীয় প্রতিযোগিতা একসঙ্গে করতে। এটাকেই আমরা বাংলাদেশ গেমসে রূপান্তরিত করব। আগামী এপ্রিল-মে বা বছরের শেষ দিকে আয়োজনের প্রস্তাব এসেছে। ফেডারেশনগুলোই সিদ্ধান্ত নিক কখন করবে। বিওএ প্রস্তুত আছে।’ফেডারেশনের কর্মকর্তারাও বিষয়টাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের কথা, ‘আমরা ফেডারেশনগুলো নিজস্ব ফোরামে আলোচনা করে বাংলাদেশ গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেব দু-এক দিনেই।’গেমস না হয় হলোই। কিন্তু এসএ গেমস সামনে রেখে প্রশিক্ষণ চলবে কীভাবে? এই উদ্বেগ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের, ‘বিওএ জানিয়েছে, সরকার টাকা দেবে না। এর ফলে ফেডারেশনগুলোর প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে।’উল্লেখ্য, এক বছরের জন্য বিওএ ৬৮ কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে ইন্দো-বাংলা গেমসও ছিল। সরকার টাকা না দেওয়ায় সেই গেমসও অনিশ্চিত। তবে তহবিল সংগ্রহ করে শিগগির এই গেমস আয়োজনেরও পরিকল্পনা আছে বিওএর।