তাঁকে ফেরানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফর শচীন টেন্ডুলকারের। ইংল্যান্ডজুড়ে চলছে টেন্ডুলকার-স্তুতির প্রতিযোগিতা। সাবেক-বর্তমান ক্রিকেটার, সাংবাদিক, বিশেষজ্ঞ—সবার কণ্ঠেই টেন্ডুলকারের শ্রেষ্ঠত্বের জয়গান। কিন্তু শুধু মুগ্ধ দর্শক হলেই কি আর চলবে, তাঁকে আউট করার উপায়ও তো খুঁজতে হবে। টেন্ডুলকার-বধের সেই রেসিপি দিয়েছেন মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের ধারণা, সুইং ও বাউন্সই পারে টেন্ডুলকারকে দ্রুত ফেরাতে!লর্ডস টেস্ট দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বহুল আলোচিত ইংল্যান্ড-ভারত সিরিজ। যেটি আবার টেস্ট ইতিহাসের ২০০০তম ম্যাচও। অনেকেই সিরিজটাকে বলছেন, টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই। দুই টেস্টের ব্যবধানে সিরিজ জিতলে ভারতকে সরিয়ে শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। বরাবরের মতো এই সিরিজেও ভারতের সবচেয়ে বড় ভরসা ও ইংল্যান্ডের সবচেয়ে বড় বাধার নাম শচীন টেন্ডুলকার।৫১ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ভন খেলা ছাড়ার পরও আছেন ক্রিকেটের সঙ্গেই। বিবিসি রেডিওতে ধারাভাষ্য দেন, কলাম লেখেন পত্রিকায়। টেন্ডুলকারকে আউট করার উপায়ও বাতলে দিয়েছেন লন্ডনের দ্য টেলিগ্রাফে লেখা কলামে, ‘আর সব ব্যাটসম্যানের মতো টেন্ডুলকারও ইনিংসের শুরুতে ভেতরে ঢোকা পুরো লেংথের বলে সবচেয়ে বেশি নড়বড়ে। অফ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা বল ওকে ঝামেলায় ফেলবে। এ ধরনের বলে ড্রাইভ করতে গিয়ে ওকে অনেকবার বোল্ড বা এলবিডব্লু হতে দেখেছি আমি। ইংল্যান্ড ওকে ভোগাতে পারে বাউন্সেও, এ কারণে ট্রেমলেট হবে খুব গুরুত্বপূর্ণ।’এই রেসিপি অনুযায়ী কাজ করতে হলে উইকেটের সাহায্য থাকা জরুরি। কিন্তু ভন নিজেও ঠিক নিশ্চিত নন, ইংলিশ বোলাররা সেটা পাবেন কি না, ‘দেখার ব্যাপার হলো, গতিময় ও বাউন্সি উইকেট বানানো হয় কি না। আয়োজকেরা তো চাইবে না টেস্ট তিন দিনেই শেষ হয়ে যাক। টেন্ডুলকার হলো বক্স অফিস, টেস্ট মাঠগুলোর জন্য অনেক অর্থের জোগানদাতা। নিজেদের লাভটা পুরোপুরি তুলতে তারা নিশ্চয়ই চাইবে চার-পাঁচ দিন খেলা হোক।’বিশাল কিছুর প্রতি মুগ্ধতায় অনেকে অনেক সময় মূল কাজটা ভুলে যায়। টেকনিক্যাল দিকের বাইরে উত্তরসূরিদের জন্য তাই আরেকটি পরামর্শও আছে ভনের, ‘ইংল্যান্ডকে মনে রাখতে হবে টেন্ডুলকারও মানুষ। সে-ও ভুল করে। ওকে স্লেজিং করার কথাও ভুলে যেতে হবে, বরং কথা বলাতে হবে বলকেই।’আউট করার দাওয়াই বাতলে দিয়েছেন। তবে ৩৬ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান জানাতে ভোলেননি, তিনি নিজেও কত বড় টেন্ডুলকার-ভক্ত, ‘গ্রেট ব্যাটসম্যানদের এক যুগে আমি খেলেছি, তবে যে ধরনের চাপ ও প্রত্যাশার সঙ্গে সে মানিয়ে নিয়েছে, শুধু এ কারণেই টেন্ডুলকার সবার ওপরে। ভারতে ও প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের চেয়েও বেশি বিখ্যাত। প্রতিবার উইকেটে যায় প্রত্যাশার বিশাল চাপ মাথায় নিয়ে।’ব্যাটসম্যান টেন্ডুলকারের চেয়েও ভন অবশ্য বেশি ভক্ত ‘মানুষ’ টেন্ডুলকারের, ‘টেন্ডুলকারের জন্য প্রায় সবারই শুভ কামনা আছে, অন্য অনেক গ্রেট ক্রিকেটার যেটা পায়নি। ওর সম্পর্কে কখনো কোনো খারাপ কথা কারও কাছ থেকে শুনিনি। সাধারণত দলে সর্বকালের সেরা কেউ থাকলে তাঁকে স্বার্থপর মনে করা হয়, অনেক শত্রুও জন্মায়। টেন্ডুলকারের ক্ষেত্রে এটা হয়নি।’ ওয়েবসাইট।