তাঁকে হারিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা দলের সঙ্গে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা আছে। তবে চণ্ডিকা হাথুরুসিংহের পরিচিতিটা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লু) সহকারী কোচ আর বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেই। তাঁর মতো একজন কোচকে হারিয়ে এই দুই দলই যেন বেদনাহত!

এনএসডব্লুর প্রধান নির্বাহী অ্যান্ড্রু জোন্স কাল এক বিবৃতিতে বলেছেন, ‘চণ্ডিকার মতো একজন কোচকে হারিয়ে আমাদের অবশ্যই খারাপ লাগছে। তবে এটা তাঁর জন্য দারুণ একটা সুযোগ এবং কোচ হিসেবে তাঁর দক্ষতা আর ব্যক্তিগত মানের স্বীকৃতিও।’ জোন্স সঙ্গে যোগ করেছেন, ‘নিউ সাউথ ওয়েলস ব্লুজ এবং থান্ডারের হয়ে অসাধারণ কাজ করেছেন তিনি। ভাবতেই ভালো লাগছে, তাঁর সামর্থ্যটা এখন বৈশ্বিক পর্যায়েও কাজে লাগাতে পারবেন।’ ৪৫ বছর বয়সী হাথুরুসিংহে ২০১২ সালের ডিসেম্বর থেকে কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত কোচেরও দায়িত্ব পালন করেন এনএসডব্লু ব্লুজের।

বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের মহাব্যবস্থাপক নিক কামিন্সের কথায়ও প্রশংসাবৃষ্টি বিদায়ী কোচের জন্য, ‘গত মৌসুমে সিডনি থান্ডারের প্রতি যে নিবেদন আর দায়বদ্ধতা তিনি দেখিয়েছেন, তার জন্য চণ্ডিকাকে (হাথুরুসিংহে) ধন্যবাদ। অসাধারণ এই কোচ এবার আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার সুযোগ পেলেন। তাঁর জায়গায় আমরা সম্ভাব্য সেরা কাউকেই বেছে নেব।’