তাঁকেই দেওয়া হলো 'সাত' নম্বর জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডে যখন শুরু রোনালদোর
ম্যানচেস্টার ইউনাইটেডে যখন শুরু রোনালদোর

বিশ্বসেরা ফুটবলারের মুকুটটা নিয়ে তাঁদের লড়াই৷ ব্রাজিল বিশ্বকাপে যেটির ঝাঁজ আরও বাড়বে৷ ক্রিস্টিয়ানো রোনালদোর রোমাঞ্চকর উত্থান ও সাফল্যের গল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদন চতুর্থ পর্ব

৬ আগস্ট, ২০০৩ নির্ধারিত স্পোর্টিং লিসবন-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগের রাতেই চুক্তিটি হয়ে গেল। ক্রিস্টিয়ানো রোনালদো হতে যাচ্ছেন ‘রেড ডেভিলদের’ একজন।
লিসবনের কুইন্তা দা মারিনহা হোটেলে এক বৈঠকে দুই ক্লাবের কর্তারা ঠিক করলেন, দেড় কোটি ইউরোর বিনিময়ে ইউনাইটেডে যোগ দেবেন রোনালদো। ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, স্পোর্টিংয়ের অর্থবিষয়ক পরিচালক সিমোস আলমেইদা এবং রোনালদোর প্রতিনিধি হিসেবে জর্জ মেনজেস সবকিছু চূড়ান্ত করেন। বাকি রইল কেবল চুক্তিতে রোনালদোর সই। তিনিও ইতিমধ্যে জানলেন, গন্তব্য ইউনাইটেড। তবু ১২ আগস্ট পর্যন্ত ব্যাপারটি অপ্রকাশিত রইল। কারণ, ২০০৪ সালের ইউরো ফুটবল টুর্নামেন্ট সামনে রেখে নির্মিত নতুন স্টেডিয়াম এস্তাদিও জোসে আলভালাদের উদ্বোধন হবে ৬ আগস্টের ম্যাচটি দিয়ে। সেই উপলক্ষে স্পোর্টিং লিসবনের আনন্দ মাটি করতে চায়নি কেউ।
উৎসবমুখর পরিবেশে রাতে শুরু হয় খেলা। মূল আকর্ষণ রোনালদো চমৎকার খেললেন শুরু থেকেই। ২৫ মিনিটে তাঁর বাড়ানো বল থেকে গোল করলেন লুইস ফিলিপ। তবে দর্শকেরা বিমোহিত তরুণ রোনালদোর ঝলকানিতে। অসাধারণ ড্রিবলিং, ক্ষিপ্র আক্রমণ, বাইসাইকেল কিক, গতির পরিবর্তন এবং প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল দখল প্রভৃতি কৌশলে মাতিয়ে রাখলেন তিনি সবাইকে। মাঝবিরতির সময় ফার্গুসন তাঁর ক্লাবের সাবেক প্রধান নির্বাহী পিটার ক্যানিয়নকে বললেন, ‘ছেলেটিকে না নিয়ে আমরা এখান থেকে যেতে পারি না।’ সায় দিলেন সবাই। তবে ফার্গুসন চুপ থাকলেন, দলের খেলোয়াড়দের এ ব্যাপারে কিছুই জানাতে চাননি তিনি। স্পোর্টিং জিতল ৩-১ গোলে। পরে রোনালদোর সঙ্গে সরাসরি কথা বলেন ফার্গুসন। ভূয়সী প্রশংসা করলেন তাঁর নৈপুণ্যের, আমন্ত্রণ জানালেন ইউনাইটেডে। মেনজেসের মাধ্যমে রোনালদো জানলেন, চুক্তি সই করার জন্য তাঁকে যুক্তরাজ্যে যেতে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও ওল্ড ট্রাফোর্ড ভ্রমণ শেষে লিসবনে ফিরে আসবেন তিনি। স্পোর্টিংয়ের পক্ষে খেলতে পারবেন আরও এক বছর।

তিনি গেলেন এবং চুক্তিও করে ফেললেন। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে রোনালদোর রোজগার বেড়ে মাসে অন্তত দেড় লাখ ইউরোতে পৌঁছাল, অথচ স্পোর্টিংয়ে তাঁর উপার্জন ছিল মাসে মাত্র দুই হাজার ইউরো! পর্তুগালের পুবলিকো পত্রিকাকে পরে বলেছিলেন, ‘ইংরেজি তখন একেবারেই বুঝতাম না। মেনেজেস আমাকে বললেন, ফার্গুসন চান আমি ম্যানচেস্টারে থাকি। এতে আমি চিন্তায় পড়ে যাই।’
কী করবেন, বুঝতে পারছিলেন না রোনালদো। নতুন জায়গায় থেকে যাবেন, অথচ প্রয়োজনীয় কাপড়চোপড়, জিনিসপত্রও যে সঙ্গে আনেননি। তবু সব ভাবনা ঝেড়ে ফেলে তিনি যোগ দেন ক্যারিংটনের প্রশিক্ষণশিবিরে। ওল্ড ট্র্যাফোর্ডে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হলো ১৩ আগস্ট। স্থানীয় ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি তরুণ খেলোয়াড়টিকে নিয়ে ইংলিশ মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা হলো বিস্তর। ১৮ বছর বয়সী ছেলেটির মূল্য এক কোটি ২০ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৫ কোটি টাকা! রোনালদো নিঃসন্দেহে যথেষ্ট সম্ভাবনাময়। কিন্তু তাঁর জীবনবৃত্তান্ত তখনো খুব একটা সমৃদ্ধ নয়৷ স্পোর্টিং লিসবনের হয়ে ২৫ ম্যাচে গোল মাত্র তিনটি।
কিন্তু ফার্গুসন তখন ডেভিড বেকহামকে রিয়াল মাদ্রিদের কাছে আড়াই কোটি পাউন্ড এবং হুয়ান সেবাস্তিয়ান ভেরনকে চেলসির কাছে দেড় কোটি পাউন্ডে সবে বিক্রি করেছেন। আর ব্রাজিলের তারকা রোনালদিনহোকে অল্পের জন্য দলে নিতে পারেননি, যিনি যোগ দেন বার্সেলোনায়। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে

আশাবাদী ছিলেন ফার্গুসন। জহুরি তিনি, খাঁটি সোনা খুব ভালোই চেনেন। রোনালদোকে তার ১৫ বছর বয়স থেকেই নজরে রেখেছিলেন ফার্গুসন। বুঝলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী এক ফুটবলার৷ দু পায়েই সমানে আক্রমণ চালাতে পারে সে৷ আর আক্রমণভাগের যেকোনো পজিশনেই মানানসই: ডান, বাঁ অথবা মাঝখানে৷ ইউনাইটেড বহু বছর ধরে এ রকম সম্ভাবনাময় কাউকেই তো খুঁজছিল! পর্তুগালের কিংবদন্তি ফুটবলার এবং ১৯৬৫ সালের ব্যালন ডি’অর জয়ী ইউসেবিও বলেছিলেন, ‘রোনালদো শুধু একজন ফুটবলারই নয়, ও একজন অনুকরণীয় আদর্শ হতে চলেছে।’
পর্তুগিজ সংবাদমাধ্যমে খবর হয়, রোনালদোকে দলে নিতে এক কোটি মিলিয়ন ইউরোর বেশি দিতে চেয়েছিল পারমা ও জুভেন্টাস। আর ইতালীয় পত্রিকা তুত্তোস্পোর্ত শিরোনামই দেয়, ‘রোনালদো জুভেন্টাসের’। বার্সা থেকে মিলান, রিয়াল মাদ্রিদ থেকে চেলসি, লিভারপুল... ডজন খানেক ক্লাব রোনালদোর ব্যাপারে প্রথম দিকে আগ্রহ দেখালেও পরে সরে দাঁড়ায়। লিভারপুলের সাবেক ম্যানেজার জেরার্ড হুলিয়ার কয়েক বছর পর দ্য ডেইলি মেইলকে বলেছিলেন, ‘রোনালদোর জন্য যে পরিমাণ পারিশ্রমিক চাওয়া হয়েছিল, আমরা সে রকম দিতে গেলে ড্রেসিংরুমে সমস্যা হতে পারত।’
তবে শেষ পর্যন্ত দর-কষাকষির লড়াইয়ে ইউনাইটেডই হলো জয়ী। প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে ক্লাবটিতে যোগ দিলেন রোনালদো। তাঁকে চড়া দামে বিক্রি করে স্পোর্টিং লিসবনও নিজেদের দুর্বল আর্থিক অবস্থা কাটিয়ে ওঠার সুযোগ পায়। এদিকে, ইউনাইটেডের ঐতিহ্য, মর্যাদা আর দায়িত্বশীলতার প্রতীক ‘সাত’ নম্বর জার্সিটি তাঁকে গায়ে চড়াতে বললেন ফার্গুসন। ক্লাবটির পক্ষে জর্জ বেস্ট, স্টিভ কোপেল, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহামের মতো বড় খেলোয়াড়েরা এটি পরেছেন। আর পোশাকটির মাহাত্ম্যও রোনালদো ভালোই জানতেন, ‘আমি সেই ২৮ নম্বর জার্সিটিই চেয়েছিলাম, যেটি পরে স্পোর্টিংয়ে খেলেছি এত দিন। কিন্তু বসের (ফার্গুসন) বিরুদ্ধে তো যেতে পারি না! তবে “সাত” নম্বর জার্সি পেয়ে আমি গর্বিত। স্পোর্টিংয়ের পক্ষে লুইস ফিগো এটি পরে খেলতেন। সেই ছোটবেলা থেকে আমি তাঁর মতো হতে চাইতাম, আর “সাত” নম্বর জার্সিটি চাইতাম নিজের জন্য।’
ইংলিশ ফুটবল, নতুন দেশ, পারিপার্শ্বিকতা, সংস্কৃতি, ভাষা, আচার-আচরণ ও খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে রোনালদোর। তবু তিনি ফার্গুসনের আস্থার প্রতিদান দিলেন ইউনাইটেডের পক্ষে প্রথম ম্যাচে নেমেই। ধারাবাহিক সাফল্যে তাঁর ভক্তের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে।
সূত্র: প্রথম আলোয় বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট এবং লুকা কাইয়োলির বই রোনালদো।