তাঁদের অভিজ্ঞতার টুর্নামেন্ট
প্রথম বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রাইজমানি ৩ লাখ মার্কিন ডলার। টুর্নামেন্টে যৌথভাবে ১৯তম হয়ে স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি প্রাইজমানি জিতেছেন সাখাওয়াত হোসেন। পেয়েছেন মাত্র ৩ হাজার ৩৬০ মার্কিন ডলার (প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা)। টাকার চেয়ে এই টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জনকেই যদিও বড় বলে মানছেন স্থানীয় গলফাররা।
কুর্মিটোলা কোর্সে নিয়মিতই বিপিজিএ টুর্নামেন্টে আন্ডার পার স্কোর করেন সিদ্দিকুর, জামাল, সাখাওয়াতরা। সেখানেই হওয়া সবচেয়ে বড় পেশাদার টুর্নামেন্টটিতে কি না সবচেয়ে বেশি ওভার পার করলেন তাঁরা। সেরা বিশের মধ্যে জায়গা পেয়ে যা একটু মান রেখেছেন সাখাওয়াত। নিজের পারফরম্যান্সে সাখাওয়াত অখুশি নন, ‘এমন টুর্নামেন্টে সেরা বিশের মধ্যে ঢোকাটা খারাপ না। প্রথম দিনের পর আমার লক্ষ্যই ছিল যাতে কাট মিস না করি। আত্মবিশ্বাসী ছিলাম তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ফিরে আসব। প্রত্যাশা অনুযায়ী অবশ্য হলো না। তারপরও এখানে খেলে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে।’
টুর্নামেন্টের আগে ইউরোপিয়ান কোচদের কাছে অনুশীলন করেন গলফাররা। হাতেনাতে ফল না পেলেও জানালেন সেটা ভবিষ্যতে কাজে দেবে, ‘ইউরোপের কোচের প্রশিক্ষণের এক সপ্তাহের মধ্যেই আমরা বদলে যাব, সেটা মনে করা বোকামি। ওনারা এসে যা শিখিয়েছেন সেটা ধরে রাখতে পারলে আগামী বছরে আরও ভালো করব আমরা।’
শৌখিনদের মধ্যে সেরার পুরস্কার পাওয়া দিল মোহাম্মদও এই টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগাতে চান, ‘এখানে আমি ভালো ভালো গলফারদের সঙ্গে খেলেছি। তারা কীভাবে সুইং করেন সেটা দেখেছি। সেভাবেই এখন থেকে অনুশীলন করব।’
পাঁচ বছর আগে বলবয় হিসেবে ক্যারিয়ার শুরু করা দিল মোহাম্মদ শৌখিন হিসেবে খেলেছেন বলে কোনো আর্থিক পুরস্কার পাননি। এতে তাঁর আক্ষেপ নেই মোটেও, ‘আমি এখানে টাকার জন্য খেলিনি। খেলেছি নিজের ক্যারিয়ারের জন্য।’