
এক সাঁতারুর গল্প বলা যাক। অদ্ভুতধরন এক সাঁতারু। সারা দিন পানিতেই কাটে, তবু ‘সাগর’ শব্দটিতে তাঁর বড় আপত্তি। আপত্তি একটু খেলো শোনায়, শব্দটা হবে ঘৃণা। উন্মুক্ত সাগরকে ঘৃণাই করেন ইউস্রা মারদিনি।
আগামী আগস্টে রিও অলিম্পিকে পুলে ঝড় তোলার অপেক্ষায় আছেন এই নারী সাঁতারু। অথচ গত আগস্ট মাসেই অকল্পনীয় ছিল এটি। ঠিক ওই সময়ে আর কখনো পানি ছেড়ে ডাঙায় উঠতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অন্যতম সেরা সাঁতারু ভাবা হতো তাঁকে। তবে অধিকাংশ দিনই গোলাগুলির কারণে ট্রেনিংয়ে যেতে পারতেন না, আবার
কখনো ট্রেনিংয়ে গিয়ে দেখেছেন সুইমিং পুলে বোমা!
গৃহযুদ্ধে নিজেদের বাড়ি ধ্বংস হয়ে গেলে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন ইউস্রা ও তাঁর বোন সারাহ্। ঠিক করেন তুরস্ক থেকে একটি ডিঙি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেবেন। গন্তব্য লেসবোস (গ্রিক দ্বীপ)। যাত্রা শুরুর এক ঘণ্টা পরই মোটর নষ্ট হয়ে যায়, পানি উঠতে শুরু করে ডিঙিতে। ২০ সহযাত্রীকে বাঁচাতে পানিতে নেমে যান ইউস্রা, সারাহ ও অন্য এক নারী। উন্মুক্ত সাগরে চার ঘণ্টা ডিঙি নৌকা টেনে লেসবোসে পৌঁছালেন ইউস্রা, সাগরকে তাঁর ঘৃণারও শুরু সেদিন থেকে।
ইউস্রার ঠাঁই মিলেছে জার্মানিতে। সেখানেই ভয়ংকর সে স্মৃতি মনে করে বলেছিলেন, ‘আমি যদি সাগরে ডুবতাম, তবে খুবই লজ্জার ব্যাপার হতো, কারণ আমি একজন সাঁতারু।’ লজ্জা পেতে হয়নি তাঁকে, ২০ সহযাত্রীকে বাঁচিয়ে উল্টো গর্বেই ভেসেছেন তিনি। এই সাঁতারু অবশ্য সেসব দিন পেরিয়ে এগিয়ে গেছেন আরও অনেক দূর। ট্রায়ালে অংশ নিয়ে অলিম্পিকের টিকিট কেটে গড়ে ফেলেছেন ইতিহাস। তাঁর সঙ্গী জেমস চিনজিয়েকরা।
চিনজিয়েকের জন্ম দক্ষিণ সুদানে। তেরো বছর বয়সে দেশ ছেড়ে পালিয়ে কেনিয়ায় আশ্রয় নেন তিনি। সামনে যদিও দুটি সুযোগই ছিল—বিদ্রোহী গোষ্ঠীর হয়ে শিশুসৈনিক হওয়া কিংবা অস্বীকৃতি জানিয়ে মৃত্যুকে বরণ করা। কাকুমা শরণার্থী শিবিরেই দৌড়বিদ চিনজিয়েকের পরিচয় পাওয়া যায়। খালি পায়ে কিংবা ধার করা মাপ না মেলা জুতা পায়ে দৌড়েই দৌড়বিদ বনে যাওয়া চিনজিয়েকও যাচ্ছেন রিও অলিম্পিকে।
এবার অলিম্পিকে মারদিনি, চিনজিয়েকরা খেলবেন বিশেষ এক দলের হয়ে, ‘অলিম্পিক শরণার্থী অ্যাথলেট দল’। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের অ্যাথলেটদের সুযোগ করে দেওয়ার প্রস্তাবটি উঠেছিল বেশ কিছুদিন আগেই। যেসব অ্যাথলেট সর্বগ্রাসী যুদ্ধের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অলিম্পিকে যেতে পারছেন না, তাঁদের সুযোগ করে দিতেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এই পদক্ষেপ। আইওসির সভাপতি টমাস বাখের ভাষায়, ‘অলিম্পিকে এই দলকে স্বাগত জানিয়ে আমরা বিশ্বের সব শরণার্থীকে আশা দিতে চাই, সবাইকে এই বিপর্যয়ের (শরণার্থী সংকট) কথা জানাতে চাই।’
বিশেষ এ দলটি কোনো দয়াদাক্ষিণ্যে নয়, যোগ্যতাবলেই অলিম্পিকে স্থান করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন জাতীয় অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ করে, শরণার্থী হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়া ৪৩ জন অ্যাথলেট নির্বাচিত হয়েছিলেন প্রাথমিক বাছাইয়ে। রিও অলিম্পিকে ট্রায়াল দিয়ে নির্বাচিত হয়েছেন ১০ জন। মারদিনির মতো আরও এক সিরিয়ান সাঁতারু যাচ্ছেন এই বিশেষ দলের হয়ে। রিপাবলিক অব কঙ্গোর দুই জুডোকা, ইথিওপিয়ার একজন ম্যারাথনার ও চিনজিয়েকসহ ৫ জন দক্ষিণ সুদানের অ্যাথলেট নিয়ে গড়া হয়েছে এই দল।
অন্য সব দেশের মতো মার্চপাস্টে অংশ নেবে এই দলটিও, স্বাগতিক ব্রাজিলের আগেই তারা ঢুকবে অলিম্পিক পতাকা হাতে। তাদের জন্য বাজানো হবে অলিম্পিক সংগীত। অন্য দেশগুলোর মতোই অলিম্পিক ভিলেজেই থাকবেন দলের অ্যাথলেট-কোচরা। বিশ্বের সেরা অ্যাথলেটদের মাঝে মাথা উঁচু করে নিজ নিজ ইভেন্টে অংশ নেবেন তাঁরা।
এই শরণার্থীদের দল নিজেদের কাঁধে তুলে নিয়েছে বিরাট এক ভার। নিজেদের দেশ ছেড়ে এসে জাতীয়তা হারিয়ে ফেলা এই অ্যাথলেটরা কোনো নির্দিষ্ট দেশের নন, পুরো বিশ্বের শোষিত মানুষের প্রতিনিধিত্ব করবেন অলিম্পিকে। পুরো বিশ্বের শরণার্থীদের আশার আলো দেখানোর দায়িত্ব এখন তাঁদেরই। সূত্র: অলিম্পিকডটঅর্গ, বিবিসি, গার্ডিয়ান।