তাঁদের গর্বের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকার পাতায় ছেলের সাফল্যের ছবি দেখছেন সিদ্দিকুরের গর্বিত মা-বাবা  প্রথম আলো
পত্রিকার পাতায় ছেলের সাফল্যের ছবি দেখছেন সিদ্দিকুরের গর্বিত মা-বাবা প্রথম আলো

দিল্লিতে খেলছেন সিদ্দিকুর রহমান। আর ঢাকায় বসে সারাক্ষণ তসবি জপছেন তাঁর মা ফিরোজা খাতুন। ঘরময় পায়চারি করছেন বাবা আফজাল হোসেন। টেলিভিশনের সামনে বসতে পারেননি একদণ্ড। হিরো ইন্ডিয়ান ওপেনের শেষ রাউন্ডের নাটকীয়তা এতই স্নায়ুচাপে ফেলেছিল দুজনকে যে খাওয়া-দাওয়াই ভুলতে বসেছিলেন। শেষ হোলে সিদ্দিকুর পারের সমান পাঁচ শট নিতেই হাঁফ ছেড়ে বাঁচেন দুজন।
দেশের বেশির ভাগ মানুষই গলফ খেলাটা ভালো বোঝেন না। সিদ্দিকুরের গর্বিত মা-বাবা সেটা ভালোই জানেন। দেশে খেলা থাকলেই কুর্মিটোলায় চলে যান ফিরোজা খাতুন। কাল বলছিলেন, ‘সিদ্দিক যখন প্রথম খেলা শুরু করে তখন থেকেই ওর খেলা দেখতে ক্লাবে চলে যেতাম। এখন তো ও দেশে খুব বেশি খেলে না। তাই যেদিন ওর খেলা থাকে, সেদিন কাজকর্ম শেষ করে সবার আগে টিভির সামনে বসে পড়ি। শুধু নামাজের সময় উঠি।’
সিদ্দিকুরের দ্বিতীয় পেশাদার শিরোপা জয়ে উচ্ছ্বসিত ফিরোজা খাতুন, ‘আমার খুব ভালো লাগছে। সিদ্দিক আমার একার গর্ব নয়। ও পুরো বাংলাদেশের গর্ব।’ সিদ্দিকুরের ‘দিল্লি জয়ের’ পর শুভেচ্ছা আর অভিনন্দনে ভরে যায় তাঁদের বাসা। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনেরা তো অভিনন্দন জানিয়েছেনই, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন গর্বিত মা-বাবাকে। মুঠোফোনে এতটাই ব্যস্ত থাকতে হয়েছিল যে কথা বলতে বলতে মাথাব্যথা হয়ে যাওয়ার জোগাড়, ‘সিদ্দিক চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মোবাইলটা একটুও রেখে দিতে পারেনি। সারাক্ষণ সবাই ফোন করেছে।’
রূপকথার গল্পের মতোই এখন জীবনের মোড় বদলে গেছে সিদ্দিকুরের। অথচ টাকার অভাবে তাঁকে ঠিকমতো খেলতে পাঠাতে পারতেন না আফজাল হোসেন। সেই কষ্টের কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন তিনি, ‘ওই সময় আমার খুব করুণ অবস্থা ছিল। তখন ঢাকায় আমি বেবিট্যাক্সি চালাতাম। সেটা আশির দশকের কথা। সিদ্দিক আমার কাছে খেলার জন্য টাকা চাইত। আমি কোত্থেকে এত টাকা পাব? বলেছিলাম, তুমি আমাকে কিছু বলো না। আমি তোমাকে শুধু উৎসাহ দেব।’ ঘরে খাবার না থাকলেও কখনো মুখ ফুটে মায়ের কাছে চাইতেন না সিদ্দিকুর। শান্তশিষ্ট সিদ্দিকুরের শৈশবের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন ফিরোজা, ‘আমার চার ছেলের মধ্যে ওই সবচেয়ে শান্ত। এখনো তেমনই আছে। ও বুঝতে পারত আমরা কষ্টেসৃষ্টে সংসার চালাচ্ছি, তবুও অভিযোগ করত না। না খেয়ে থাকলেও আমার কাছে এসে বায়না ধরত না। সারা দিন খেলা নিয়ে থাকত।’