তাঁদের গায়েও বিশ্বকাপের আঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া সর্বশেষ কবে হেরেছে? উত্তরটা খুঁজতে অনেকেরই গলদঘর্ম হওয়ার কথা। এটি যে প্রায় এক যুগ আগের ঘটনা! ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ১০ রানে হেরেছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেবার তো বটেই, অস্ট্রেলিয়া টানা তিনটি শিরোপা জিতেছে। গত দুই আসরের অপরাজিত চ্যাম্পিয়নও তারা।এবারের বিশ্বকাপেও কি তাহলে অস্ট্রেলিয়া নিরঙ্কুশ ফেবারিট? এখন আর এ কথা বলার জো নেই। গত ১৫টি ওয়ানডের আটটিতেই হেরে যাওয়া অস্ট্রেলিয়ার দাবিটা খুব জোরালো মনে হচ্ছে না। এবার বরং ফেবারিট হিসেবে উঠে আসছে মহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম স্মিথ, অ্যান্ড্রু স্ট্রাউস এবং কুমার সাঙ্গাকারার দলের নাম। যে চার অধিনায়কের নাম পড়লেন, এঁদের কারোরই কিন্তু বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরাজয় মাঠে থেকে দেখার অভিজ্ঞতা হয়নি। চারজনের মধ্যে সাঙ্গাকারার অভিষেক হয়েছে আগে, সেটিও ২০০০ সালে। অস্ট্রেলিয়া তখন ক্রিকেট-বিশ্বের প্রবল প্রতাপশালী নৃপতি।প্রায় দুয়ারে চলে আসা বিশ্বকাপ এখনই শুরু করে দিতে বাধ্য করেছে ফেবারিট নিয়ে আলোচনা। নিজেদের কন্ডিশনে খেলা হবে বলে ধোনির ভারত দাবি করবে, তারাই সবচেয়ে ফেবারিট। সেই দাবি করতে পারে সাঙ্গাকারার শ্রীলঙ্কাও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ডও সমস্বরে জানাতে পারে নিজেদের দাবি। বড় আসরে গিয়ে হোঁচট খাওয়ার একাধিক পোড়া অভিজ্ঞতা হলেও স্মিথের দক্ষিণ আফ্রিকাকেও বাদ দেওয়া হবে বোকামি।কেপটাউন টেস্টের আগে ধোনি-স্মিথরা হাজির হয়েছিলেন বিশ্বকাপের ৫০ দিনের কাউন্টডাউনের অনুষ্ঠানে। ধোনি সেখানেই জানিয়ে দিলেন তাঁর স্বপ্নের কথা, ‘ভারতীয় ড্রেসিংরুমের প্রত্যেকেই ট্রফিটি উঁচিয়ে ধরতে উন্মুখ। শুধু আমরা কেন, পৃথিবীজুড়ে আমাদের লাখো কোটি সমর্থকও সেটি চায়। বিশ্বকাপের চেয়ে বড় আর কি আছে বলুন! প্রত্যেক ক্রিকেটারেরও তাই নিজেদের দেশের হয়ে এই টুর্নামেন্টে খেলাটা, অন্তত একবারের জন্য হলেও সেটি জেতা সবচেয়ে বড় স্বপ্ন।’সেই স্বপ্নপূরণের পথটা যে সহজ নয়, ধোনি সেটাও মানছেন, ‘অনেক পরিশ্রম, আত্মবিশ্বাস আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার। বড় আসরে সেটি করে দেখানোর ক্ষমতা ভারতীয় দলের আছে।’ দলের প্রস্তুতিতেও তিনি সন্তুষ্ট। তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের সেরাটাই যে খেলতে হবে বিশ্বকাপ শিরোপা জিততে হলে, ধোনি মনে করিয়ে দিলেন সেটিও।উত্তেজনার ছোঁয়া এরই মধ্যে লেগেছে ধোনির গায়ে। রোমাঞ্চিত স্মিথও, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না বিশ্বকাপ মাত্র ৫০ দিনের দূরত্বে! দল হিসেবে আমরা চাইব, নিজেদের সেরা অবস্থায় থেকে ওই টুর্নামেন্টে যেতে। ট্রফিটা দেশে নিয়ে আসার জন্য ১২ জানুয়ারি থেকে শুরু ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আমাদের জন্য ভালো প্রস্তুতির সুযোগ।’গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথম বৈশ্বিক কোনো টুর্নামেন্ট জিতেছে ইংল্যান্ড। স্ট্রাউস ওই দলে ছিলেন না বলে নিশ্চয়ই একটা আক্ষেপ তাঁর আছে। সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন এই বিশ্বকাপে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য অ্যাশেজ জয়ের আগে অন্য কিছু নিয়ে ভাবতে রাজি নন। অ্যাশেজ জয়ের আনন্দও তো বিশ্বকাপ জেতার চেয়ে ইংলিশদের কাছে খুব কম নয়! তবে ‘ইয়েস, অ্যাবসলুটলি’ বলে জানিয়ে দিতে ভোলেননি তাঁর দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনার কথা। ওয়েবসাইট।