তাঁদের চোখে এখনো আঁধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুতেই বিতর্কের বাইরে যেতে পারছে না পাকিস্তানের ক্রিকেট। মাঠে খেলোয়াড়েরা পারছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নানা কারণে হচ্ছে সমালোচিত। দেশটির ক্রিকেটের ভবিষ্যৎকে অন্ধকারই দেখছেন সাবেকেরা।পাকিস্তানের সংসদে দাবি উঠেছে বোর্ড সভাপতি ইজাজ বাটের অপসারণের। সংসদে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে বাটকে পিসিবির সভাপতির পদ থেকে সরানোর আহ্বান জানিয়েছেন সাংসদ ইকবাল মোহাম্মদ আলী। তাঁর মনে হয়েছে, পাকিস্তান দলকে ঠিক পথে পরিচালিত করতে পারছেন না ইজাজ বাট। জারদারি বরাবর দুই পৃষ্ঠার চিঠিতে আলী লিখেছেন, বাটের প্রশাসন পাকিস্তানকে ‘ছোট দলের’ কাতারে নামিয়ে এনেছে। পাকিস্তানের ক্রিকেটকে পেশাদারভাবে চালাতে তরুণ নেতৃত্ব দরকার। ইজাজ বাটকে সরিয়ে পরিশ্রমী এবং দূরদৃষ্টিসম্পন্ন কারও হাতেই বোর্ডের দায়িত্ব দেওয়া উচিত। ‘অযোগ্য’ ইজাজ বাটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তান এর মধ্যেই অনেক লজ্জা কুড়িয়েছে।আমির সোহেল, আবদুল কাদির, ইকবাল কাসিমের মতো সাবেক ক্রিকেটাররা পিসিবি থেকে চলে যাওয়ার দায়ও ইকবাল মোহাম্মদ আলী বর্তমান বোর্ড সভাপতিকেই দিয়েছেন। এক বছরের মধ্যে পাকিস্তান দল পাঁচজনকে টেস্ট অধিনায়ক করারও সমালোচনা করা হয়েছে।এ তো গেল সাংসদ আলীর অভিযোগ। পিসিবির সমালোচনায় মুখর হয়েছে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনও (কেসিসিএ)। তাদের অভিযোগ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সবার প্রতিনিধিত্ব আছে, এমন দল গড়তে ব্যর্থ হয়েছে বোর্ড ও তার নির্বাচক কমিটি। পাকিস্তান দলে একসময় করাচির ক্রিকেটারদেরই প্রাধান্য ছিল। অথচ প্রথম টেস্টের পর দানিশ কানেরিয়া বাদ পড়লে দলে করাচির ক্রিকেটার বলতে কেবল তানভীর আহমেদ। গত পরশু কেসিসিএর নির্বাহী পরিষদের সভায় এসব প্রসঙ্গ তুলে রীতিমতো ধুয়ে দেওয়া হয়েছে পিসিবিকে। কেসিসিএর অভিযোগ, করাচিতে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকার পরও ‘পক্ষপাতদুষ্ট’ নির্বাচকেরা তাঁদের জাতীয় দলে সুযোগ দিচ্ছেন না।এতসব সমালোচনার মধ্যেই নতুন করে সমালোচিত হওয়ার মতো আরেকটি কাজ করেছে পিসিবি। সাবেক অধিনায়ক ইউনুস খানকে আবারও কারণ দর্শানো নোটিশ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বোর্ড থেকে। বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পরও ইউনুস আপিলবিষয়ক ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ না করাতেই তাঁর ওপর নতুন করে ক্ষুব্ধ হয়েছে বোর্ড। পিসিবির আইনি উপদেষ্টা তাফাজ্জুল রিজভী বলেছেন, ‘বিষয়টা নিয়ে ইউনুস আমাদের সঙ্গে একবারও যোগাযোগ করার প্রয়োজনও মনে করেনি। সে যদি শেষ পর্যন্ত কোনো যোগাযোগ না করে, আমরা বাধ্য হব নতুন করে কারণ দর্শানো নোটিশ দিতে।’ ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের পর ইউনুস খানকে দলে না নেওয়ার সমালোচনা হয়েছে সব মহল থেকেই। পিসিবি এরপরই বহিষ্কারাদেশ তুলে সাবেক এই অধিনায়ককে দলে ফেরানোর উদ্যোগ নেয়।কিন্তু বোর্ড যতই হুমকি-ধমকি দিক, ইউনুস খানও সহজ পাত্র নন। ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর বোর্ড এবং মিডিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ এড়িয়েই চলছেন তিনি। থাকছেন নীরবে-নিভৃতে। তাঁর ঘনিষ্ঠ সূত্র নাকি এমন আভাসও দিয়েছে, বোর্ড যদি তাঁকে দলে ফেরাতে চায়, দলে ডেকে নিঃশর্তভাবেই ফেরাতে হবে। যেভাবে ফেরানো হয়েছে মোহাম্মদ ইউসুফকে।মাঠ ও মাঠের বাইরের এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্নই দেখতে পাচ্ছেন সাবেক অধিনায়কেরা। ইংল্যান্ডে দলের বাজে পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে সাবেক অধিনায়ক জহির আব্বাস বলেছেন, ‘নিরাপত্তাসংক্রান্ত কারণে আন্তর্জাতিক দলগুলো সফর করছে না বলে আমাদের ক্রিকেট এমনিতেই অনেক সমস্যার মুখোমুখি। এরপর মাঠেও এমন বাজে পারফরম্যান্স আমরা মেনে নিতে পারি না।’ আরেক সাবেক অধিনায়ক মঈন খান মনে করছেন, ‘আমাদের দল যদি এ রকমই পারফরম্যান্স করতে থাকে, তাহলে বরং টেস্ট না খেলারই সিদ্ধান্ত নিক বোর্ড।’ রয়টার্স, ওয়েবসাইট।