তাঁদের চোখে মুশফিকই এগিয়ে
আলোচনায় দুটি নাম—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক?প্রধান নির্বাচক থাকার সুবাদে দুজনকেই খুব ভালো চেনেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আতহার আলী খান নির্বাচক হিসেবে দেখেছেন, এখন দেখছেন ধারাভাষ্যকারের ভূমিকায়ও। জাতীয় দলে দুজনেরই সতীর্থ ছিলেন খালেদ মাসুদ, ঘরোয়া ক্রিকেটেও খুব কাছ থেকে দেখেছেন তাঁদের। এই তিন সাবেকই মনে করেন, অধিনায়কত্বটা মুশফিকুর রহিমেরই পাওয়া উচিত। মাহমুদউল্লাহ হতে পারেন সহ-অধিনায়ক। আরেকটা ব্যাপারেও তিনজনেরই অভিন্ন সুর—নেতৃত্ব যাঁকেই দেওয়া হোক, অধিনায়কের দায়িত্ব ও তাঁর কাছ থেকে প্রত্যাশা সম্পর্কে বোর্ড যেন আগেই আলোচনা করে তাঁর সঙ্গে।ফারুক আহমেদ প্রধান নির্বাচক থাকার সময়ই অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব পেয়েছিলেন মুশফিকুর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও ফারুকের নেতৃত্বাধীন কমিটির হাত ধরেই। মুশফিক সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘অধিনায়ক হওয়ার সামর্থ্য বা গুণাবলি ওর মধ্যে আছে। সম্ভাব্য যাদের নাম শুনছি, তাদের মধ্যে মুশফিকের যোগ্যতাই বেশি। তাঁর ক্রিকেট মস্তিষ্ক ভালো। পারফর্মারও। এসব জিনিস রিয়াদেরও (মাহমুদউল্লাহ) আছে। তবে অভিজ্ঞতার কারণে মুশফিকই এগিয়ে।’ক্রিকেটার মুশফিক সম্পর্কে একটা ধারণা প্রচলিত আছে—ব্যক্তিগত ব্যর্থতায় বড় বেশি ভেঙে পড়েন। অধিনায়ক এমন হলে তো দলকে উজ্জীবিত করা কঠিন। বিষয়টা মাথায় রেখেই ফারুক বলছেন, ‘সবার মধ্যে সব গুণ থাকে না। এটা ঠিক, অধিনায়কের শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না। কিন্তু এই একটা কারণেই মুশফিকের নেতৃত্বের গুণাবলি নষ্ট হয়ে যাচ্ছে না। আমার ধারণা, নেতৃত্ব পেলে ও অবশ্যই এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করবে।’আতহারও নতুন অধিনায়ক হিসেবে মুশফিককেই চান। তবে বিশ্বকাপের আগে মুশফিককে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি তাঁর কাছে একটা রহস্য, ‘জানি না কেন বিশ্বকাপের আগে তাকে সরিয়ে হঠাৎ তামিমকে সহ-অধিনায়ক করা হলো। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যদি মুশফিককে ভাবা হয়েই থাকে, তাহলে কেন তাকে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া হলো না? আর যে কারণে মুশফিককে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তা যদি ঠিক হয়ে থাকে, তাহলে তো এখন ওকে অধিনায়কও করা ঠিক নয়!’উইকেটকিপার মাঠের ব্যস্ততম খেলোয়াড়। এক মুহূর্তও নির্ভার থাকার উপায় নেই। ব্যাটিংয়েও মুশফিকের কাছে দলের অনেক প্রত্যাশা। অধিনায়কত্ব তার ওপর বাড়তি বোঝা হয়ে যাবে না তো? ফারুক, আতহার, মাসুদ তিনজনেরই ধারণা—ওটা বরং অধিনায়ক হিসেবে বাড়তি সুবিধাই দেবে মুশফিককে। টেস্ট মর্যাদা পাওয়ার পর একজন উইকেটকিপারই বাংলাদেশের অধিনায়কত্ব পেয়েছেন। সেই খালেদ মাসুদ বলছেন, ‘দল ভালো না হলে এই জিনিসটা কখনো কখনো চাপ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দলটা এখন ব্যালান্সড। ক্রিকেটাররা সবাই নিজেদের দায়িত্ব বোঝে। দলের সঙ্গে পেশাদার কোচ আছে। সব মিলিয়ে মনে হয় না, মুশফিকের ওপর খুব বেশি চাপ আসবে।’ ফারুক বরং এটিকে সুবিধাই মনে করছেন, ‘উইকেটের পেছনে থেকে বোলার-ব্যাটসম্যানদের শক্তিমত্তা-দুর্বলতা উইকেটকিপারই সবচেয়ে ভালো বোঝে। বোলারদের প্রয়োজনে পরামর্শ দিতে পারে।’মুশফিককে ভোট দেওয়ার পেছনে মাসুদের আরেকটা যুক্তি, ‘জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। প্রায় সব প্রতিপক্ষের বিপক্ষে, সব দেশেই খেলার অভিজ্ঞতা হয়ে গেছে। তা ছাড়া একটা সময় বিসিবিও তাঁকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভেবেছিল। কাজেই বিসিবির এখন মুশফিকের মতো কাউকেই বেছে নেওয়া উচিত, যে লম্বা সময় ধরে দলকে নেতৃত্ব দিতে পারবে।’মাহমুদউল্লাহ কেন নয়—এই প্রশ্নে মাসুদের উত্তর, ‘ওর আরও অভিজ্ঞতা দরকার। জিম্বাবুয়ে সিরিজেও আমরা দেখেছি, প্রতিপক্ষ সহজেই ওর দুর্বলতা বুঝে ফেলছে। অধিনায়ক যদি সহজ টার্গেট হয়ে যায়, দলের জন্য সমস্যা। সমস্যা কাটিয়ে দলে জায়গা পাকা করতে পারলে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাঁকে ভাবা যেতে পারে।’আতহারেরও একই মত, ‘এ মুহূর্তে মাহমুদউল্লাহ তিন ধরনের ক্রিকেটেই দলে নিশ্চিত নয়। তবে তাকে সহ-অধিনায়ক করা হোক। ওর শরীরী ভাষা ভালো, ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা করে। ওকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলা যেতে পারে।’